
তীব্র শীতের ভোরে বাবার হাত ধরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান নাশিতা তাসনিম। চোখভরা স্বপ্ন আর বুকভরা সাহস নিয়ে বাবার দোয়াসহ হলে প্রবেশ করেন তিনি। বাইরে অপেক্ষায় ছিলেন বাবা। কিন্তু মেয়ের পরীক্ষাকেন্দ্রে ঢোকার কিছুক্ষণ পরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন সাহসের বাতিঘর সেই বাবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন আজ শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন মো. ইব্রাহিম খলিল (৬০) নামের ওই অভিভাবক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের বাড়ি কুমিল্লা জেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় একটি বাসায় বসবাস করে আসছেন। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসুস্থতা বোধ করার পর তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব জানান, তিনি বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রব হলে গিয়ে ইব্রাহিম খলিলকে অসুস্থ দেখে অন্য ছাত্রদের ডাকাডাকি করেন। পরে একটি রুমে তাঁকে বিশ্রামের জন্য নেওয়া হলে সেখানেই তিনি হেলে পড়েন এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। হলের শিক্ষার্থীরা চাকসু প্রতিনিধিদের কল দিলে চবি মেডিকেলের ডাক্তাররা সেখানে যান। ডাক্তাররা দ্রুত চমেকে পাঠান এবং সেখান থেকে পারিবারিক তত্ত্বাবধানে পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চবি চিফ মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই, কিন্তু তখনই তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক অবস্থার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। পরে নগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিহত ইব্রাহিম খলিলের প্রতিবেশী মো. মিজানুর রহমান বলেন, ইব্রাহিম খলিলের মেয়ে নাশিতা চট্টগ্রামের কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া নাশিতার সঙ্গে তাঁর বাবাও গিয়েছিলেন। এর মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম খলিলের মৃত্যু হয়েছে। তাঁর লাশ বাসায় পৌঁছেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৭ হাজার ৩৬২ জন, উপস্থিতির হার ৯২ শতাংশ। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদের দুইসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে