
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষাকেন্দ্রের সামনে দুই মাদ্রাসার পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুরের দিকে পরীক্ষা শেষে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় দাখিল পরীক্ষাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আখাউড়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, টন্কী সাদেকুল উলুম ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিচ্ছিল। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের দোতলা ভবনে ওঠার সময় এক পরীক্ষার্থীর সঙ্গে আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার এক পরীক্ষার্থীর ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
পরীক্ষা শেষে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার সময় মোয়াজ হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী অপর পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উবায়দুল মিয়া, ত্বোয়াহা ইত্তেসাম রনি, বায়েজিদ মিয়া ও শাকিল মিয়া আহত হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা কিল-ঘুষি ও লাথির পাশাপাশি কলম ও স্টিলের স্কেল দিয়ে আঘাত করে। এতে ত্বোয়াহা ইত্তেসাম রনির ডান চোখের ওপর গুরুতর জখম হয় এবং সেখানে তিনটি সেলাই দিতে হয়েছে। সে বর্তমানে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার পর টন্কী সাদেকুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আমীর হুসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে তিনি আখাউড়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘ঘটনার বিষয়টি আমাকে ফোনে জানানো হয়েছিল। পরে আমি তাদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে