বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী গ্রামে বাঙ্গালী নদী খননজনিত স্তূপ করা নিলামে নির্ধারিত বালুর অতিরিক্ত বিক্রি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ নির্দেশ দেন। বর্তমানে স্থানে তিনটি খননযন্ত্র রয়েছে। নতুন করে কোনো ট্রাক বালু নিতে প্রবেশ করতে পারছে না।
তবে নিলামপ্রাপ্ত ব্যবসায়ী মাসুদুজ্জামান বলছেন, বালু বিক্রি বন্ধের খবর সঠিক নয়। এর আগে ২০ নভেম্বর জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘বালুতে নষ্ট কোটি টাকার রাস্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
পানি উন্নয়ন বিভাগের নিলাম-সম্পর্কিত ২০২৪ সালের ২৮ অক্টোবরের কার্যাদেশ অনুযায়ী, নদী খননের ৮ লাখ ৩২ হাজার ৫৪১ ঘনফুট বালু ‘মেসার্স মাসুদ কনস্ট্রাকশন’-এর মালিক মাসুদুজ্জামানকে ৬ লাখ ২৪ হাজার ৯২৬ টাকায় বরাদ্দ দেওয়া হয়। প্রথম কার্যাদেশে ২৮ অক্টোবর ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সালের মধ্যে বালু অপসারণের নির্দেশ ছিল। পরে ২০২৫ সালের ২৯ জুন আরেক আদেশে সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়। তবে কত ঘনফুট বালু অপসারণ হয়েছে বা বাকি আছে, তা কোথাও উল্লেখ করা হয়নি।
প্রথম কার্যাদেশে আটটি এবং দ্বিতীয় কার্যাদেশে নয়টি শর্ত ছিল। উভয় কার্যাদেশের ৪ নম্বর শর্তে বলা হয়েছে, বালু পরিবহনের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে নিলামগ্রহীতা নিজ খরচে তা মেরামত করবেন। দ্বিতীয় কার্যাদেশের ৮ নম্বর শর্তে শর্তভঙ্গের ক্ষেত্রে নিলাম বাতিলসহ ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এলাকার পাশের আরও একটি স্থান থেকে নিলামে ২ লাখ ৫০ হাজার ঘনফুট বালু নিয়ে বিক্রি করছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিলামপ্রাপ্ত ব্যবসায়ী মাসুদুজ্জামান এখন পর্যন্ত এক কোটি ঘনফুটের বেশি বালু বিক্রি করেছেন। এতে এলাকার কাঁচা-পাকা কোটি টাকার রাস্তা নষ্ট হয়েছে। ধুলাবালুতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁরা জানান, গতকাল রাত থেকে বালু পরিবহন বন্ধ হয়েছে এবং স্তূপের ওপর তিনটি খননযন্ত্র রয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গতকাল রাতে ওই এলাকার অতিরিক্ত বালু বিক্রি ও বহন বন্ধ করতে বলা হয়েছে। বগুড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘বিষয়টি জানার জন্য অফিস থেকে লোক পাঠানো হয়েছিল। চলতি সপ্তাহে আমি নিজে সেখানে পরিদর্শনে যাব। সিদ্ধান্ত বাস্তবায়ন হয় পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী। আমরা ৮ লাখ ৩২ হাজার ৫৪১ ঘনফুটের বেশি বালু নিলামে দিইনি। এর বেশি কেউ বিক্রি করলে তার দায় আমাদের নয়।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে