
বরিশালে স্বাস্থ্য সংস্কারের দাবিতে আন্দোলনকারী এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসক, কর্মচারীদের বিরোধ আরও জটিল মোড় নিয়েছে। চিকিৎসকের ওপর হামলা ও কর্মস্থলে নিরাপত্তাহীনতার অভিযোগে আজ রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে চিকিৎসা সেবা নিতে আসা হাসপাতালে রোগীরা দুর্ভোগে পড়েছেন।
এক বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকেরা জানান, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত ১৪ আগস্ট কর্মবিরতিতে গিয়েছিলেন তাঁরা। পরে হাসপাতাল পরিচালকের অনুরোধ ও রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা। এ সময় পরিচালককে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকেরা অভিযোগ করেন, আজ রোববার ফের আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী শেবাচিমের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায়ের ওপর অতর্কিত হামলা ও স্টাফদের ওপর হামলা করেছে। হাসপাতাল ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুরো হাসপাতালে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তারা এ ঘটনায় উসকানিদাতা এবং জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মস্থলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আজ রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্তের কথা জানান।
এ প্রসঙ্গ মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, ‘আজ মহিউদ্দিন রনির নেতৃত্বে বরিশালে স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশপথে অবস্থান নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হুমকি দেয়। বেলা ২টার দিকে মেডিসিন ইউনিট-২-এর মেডিকেল অফিসার ডা. দিলিপ রায়কে বেদম মারধর করে। চিকিৎসকের ওপর এমন নির্যাতন ও হাসপাতালের সামনে তারা অবস্থান নেওয়ায় রোগীরা যেমন নিরাপত্তাহীনতায় ভোগেন, তেমনি আমাদের চিকিৎসকেরা কর্মস্থলে নিরাপত্তা না থাকায় ঘটনার পর থেকেই কর্মস্থল ত্যাগ করেন। এ কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়। তবে হাসপাতাল পরিচালকের বিশেষ অনুরোধে ও পুলিশের কড়া নিরাপত্তায় মিড লেভেল চিকিৎসকেরা বিকেল ৫টার পর থেকে শুধু জরুরি সেবা চালু রেখেছেন।
এদিকে চিকিৎসক না থাকায় জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরা দুর্ভোগে পড়েছে। মেডিসিন ওয়ার্ডের শামিম হোসেন নামে এক রোগীর স্বজন বলেন, বিকেল থেকে চিকিৎসক, নার্স পাচ্ছেন না তাঁরা। এতে গোটা ওয়ার্ডের রোগীরা দুর্ভোগে পড়ছে। জানা গেছে, হাসপাতালে চিকিৎসাসেবার বড় অংশের দায়িত্ব পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁদের কর্মবিরতির কারণে রোগীরা ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ‘ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা আমার কাছে বিচার চেয়েছেন। তাঁদের শান্ত হয়ে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু চিকিৎসককে মারধর করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাই চিকিৎসকেরা বেলা ২টার পর ভয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। যে কয়েকজন চিকিৎসক এসেছেন, তাঁদের দিয়ে আপাতত জরুরি সেবা নিশ্চিত করা হচ্ছে।’
এর আগে দুপুরে স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শেবাচিমের সামনে গেলে হাসপাতালের কর্মীরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষই একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে শেবাচিম এলাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে