
বরগুনার আমতলীতে তাফালবাড়িয়া নদীসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধে জিও ব্যাগ ভর্তির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ ভর্তিতে বালুর সঙ্গে পরিমাণমতো সিমেন্ট দেওয়া হচ্ছে না। এ কাজের ঠিকাদার পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ও মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু। ঘটনাটি উপজেলার উত্তর সোনাখালী এলাকার।
জানা গেছে, গত ৩০ বছর আমতলী উপজেলার উত্তর সোনাখালী এলাকার তাফালবাড়িয়া নদীসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ঘটনা ঘটছে। বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করায় ওই এলাকার অন্তত ১০ হাজার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। ২০২২ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ফেলে ওই নদীর ভাঙন রোধের চেষ্টা করে। কিন্তু দুই বছরের মাথায় জিও ব্যাগ সরে গিয়ে পুনরায় ভাঙন শুরু হয়।
ভাঙন রোধ ও বাঁধ রক্ষায় বরগুনা পাউবো এ বছরের জুন মাসে উদ্যোগ নেয়। ১২০ মিটার নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এ কাজ দেয় ঠিকাদার মনিরুজ্জামান টিটুকে। প্রাক্কলনে ১ হাজার ৮৯৫টি জিও ব্যাগ ধরা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই জিও ব্যাগ ভর্তিতে ছয় বস্তা বালুর সঙ্গে এক বস্তা সিমেন্ট মেলানোর কথা থাকলেও ঠিকাদার তা মেলাচ্ছেন না। এ ছাড়াও চুক্তি অনুসারে পাইলিং করছেন না ঠিকাদার। পাইলিংয়ে নিম্নমানের ড্রাম সিট ও গাছের গুঁড়ি দেওয়া হচ্ছে। আরও অভিযোগ রয়েছে, ঠিকাদার এর মধ্যে ৪৯৫টি ব্যাগ ভর্তি করেছেন। এর মধ্যে ১৩৮ ব্যাগে কোনো সিমেন্টই দেওয়া হয়নি। অবশিষ্ট ব্যাগে দায়সারা সিমেন্ট দেওয়া হয়েছে। এ ছাড়া ঠিকাদার প্রভাব খাটিয়ে ভাঙন স্থানের নদী থেকেই বালু উত্তোলন করছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়রা সম্প্রতি কাজের অনিয়মের বিষয়ে বরগুনা পানিউবোর কাছে অভিযোগ দেয়। মঙ্গলবার পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার ও উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান পরিদর্শনে এসে কাজ বন্ধ করে দেন।
অভিযুক্ত ঠিকাদার মনিরুজ্জামান টিটু জিও ব্যাগ ভর্তিতে কাজের অনিয়মের কথা স্বীকার করে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এসে কাজ বন্ধ করে দিয়েছেন। আমি ঠিকমতো তদারকি করতে পারলে এমন অনিয়ম হতো না।’
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন শেষে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, অভিযোগ পেয়ে উপবিভাগীয় প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী পাঠিয়ে জিও ব্যাগ ভর্তির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কাজে যে অনিয়ম রয়েছে, ওইগুলোও ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে