
বরগুনায় নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরেই রয়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগী।
এদিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বুধবার বরগুনার একজন মারা গেছেন। মৃত শিরিন সুলতানা (৪৫) মনসাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বরগুনার সাবেক চেয়ারম্যান এ বি এম রুহুল আমিনের স্ত্রী। তাঁকে গত সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলার মোট ৩৫ জন মারা গেল।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৫০, বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, পাথরঘাটায় ৭, বেতাগীতে ২ ও তালতলীতে ৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩ হাজার ৯০০ জন।
অন্যদিকে এক সপ্তাহের অধিক সময় বিরামহীন বৃষ্টির কারণে জেলায় মশকনিধন কর্মসূচিতে তেমন চোখ পড়েনি। বৃষ্টি কমে যাওয়ার পর দুই দিন ধরে পৌরসভা, জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের কোনো তৎপরতা না থাকায় আবারও এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, বৃষ্টির কারণে জমা পানিতে আবার জন্ম নিচ্ছে এডিস মশা। এখনই মশকনিধন কর্মসূচি নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
এ ব্যাপারে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টি নেই। এখনই এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত আবহাওয়া। তাই সরকারি কিংবা বেসরকারি সংস্থাগুলোকে এখন মশকনিধনে উদ্যোগ নিতে হবে। না হলে বরগুনার পরিস্থিতি ভয়াবহ হবে।
বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে