Ajker Patrika

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

­যশোর প্রতিনিধি
যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টায় তাঁকে যশোর র‍্যাবের ক্যাম্পে আনা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স।

র‍্যাব জানিয়েছে, যশোর শহরের শংকরপুর এলাকায় জাহাঙ্গীর আলমের নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২ মার্চ রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাত ১০টার দিকে অপহরণকারীদের পক্ষ থেকে জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে তাঁর মা ও স্ত্রীর কাছে কল করা হয়। তাঁকে জীবিত ফেরত পেতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেওয়া হয়।

অপহরণের পর দীর্ঘ সময় পার হলেও ছেলের খোঁজ না পেয়ে ৪ মার্চ বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত