Ajker Patrika

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৪: ১৫
চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
আজ দুপুর ১২টা ৪০ মিনিটে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন রাষ্ট্রপতি। ছবি: আজকের পত্রিকা

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা পাবনা সফর। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থাও গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত যাপন করবেন।

৩০ মার্চ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত যাপন করবেন।

রাষ্ট্রপতি ৩১ মার্চ বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

দুই চীনা জাহাজ আটকে দিল ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত