রূপকথার সেই রাপানজেলের কথা নিশ্চয় মনে আছে? অনেক লম্বা ছিল যার চুল। চীনের এক গ্রামে গেলে আপনাদের মনে হতে পারে রূপকথার সেই রাপানজেল, আরও পরিষ্কারভাবে বললে রাপানজেলেরা বাস্তবে এসে হাজির হয়েছে। ওই গ্রামের সব নারীর চুলই যে রাপানজেলের চুলের মতোই লম্বা। রেড ওয়াও গোত্রের এই নারীরা সারা জীবনে চুল কাটেন একবার।
দক্ষিণ চীনের কোনসি শুয়াং অঞ্চলের হুইংলা গ্রামের নারীদের মর্যাদার প্রতীক তাঁদের দীর্ঘ চুল। রেড ইয়াও গোত্রের এই নারীদের চুল সাধারণত ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। অবশ্য এর জন্য চুলের নানা ধরনের যত্ন নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এগুলোর একটি হলো—গ্রামের পাশের জিনসা নদীতে গিয়ে গাঁজানো ভাতের মাড় দিয়ে মাথার ত্বক ও চুল ধোয়া।
চীনের কুইলি শহর থেকে গাড়িতে ঘণ্টা দুয়েক লাগে জিনসা নদীর তীরে অবস্থিত গ্রামটিতে পৌঁছাতে। জনসংখ্যা প্রায় ৬০০। চারপাশের প্রকৃতি আশ্চর্য সুন্দর। তবে হুইংলা কিংবা হুইলাং ইয়াও গ্রামটি বিখ্যাত ওই একটি কারণেই, সেটি এখানকার নারীদের লম্বা চুল রাখার ঐতিহ্য।
রেড ইয়াও নারীরা ঐতিহ্যগতভাবে লাল পোশাক পড়েন। হাজার বছর ধরে এভাবে চুল লম্বা করার চল তাঁদের মধ্যে। স্থানীয়দের বিশ্বাস, দীর্ঘ জীবন ও সৌভাগ্য বয়ে আনে লম্বা চুল।
এই গ্রাম এখন চীনের অন্যান্য জায়গায় পরিচিতি পেয়ে গেছে ‘লং হেয়ার ভিলেজ’ বা ‘লম্বা চুলের গ্রাম’ হিসেবে। এখানকার নারীদের ঘন কালো চুল অন্তত পাঁচ ফুট লম্বা হয়। এমন দৈর্ঘ্যের চুলের ওজন হয় দুই পাউন্ডের মতো। তবে ছয় ফুটের মতো লম্বা চুলও দেখবেন কখনো কখনো। এমনকি সাত ফুট দীর্ঘ চুলের রেকর্ডও আছে, তবে এটা ঘটে একেবারেই কালেভদ্রে।
এখানকার নারীরা জীবনে একবারই তাঁদের চুল কাটেন। সাধারণত ১৮তম জন্মদিনে বা এর আশপাশের সময়ে। বলা হয় রেড ইয়াও নারীদের চুল কাটা মানে তাঁরা বিয়ের জন্য প্রস্তুত এটা জানান দেওয়া। তবে এই চুল নষ্ট করা হয় না, অন্তত একটা সময় পর্যন্ত। মেয়েটির বিয়ে হওয়া পর্যন্ত তাঁর পরিবার ওই চুল সংরক্ষণ করে।
সাধারণত প্রতিদিনই নদীর জলে চুল ধুয়ে থাকেন এই নারীরা। তবে নির্দিষ্ট কিছুদিন চুলে বিশেষ উপাদান বা ওই শ্যাম্পু ব্যবহার করা হয়। চুলের স্বাস্থ্য ও রং যেন নষ্ট না হয়, সে জন্য যে প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করা হয়, তার মূল উপাদান যে গাঁজানো ভাতের মাড় তা তো আগেই বলেছি। অবশ্য এর সঙ্গে চায়ের লিকার, লেবু বা জাম্বুরাজাতীয় ফলের খোসাসহ বিভিন্ন ভেষজ মিশ্রণও ব্যবহার করা হয়। মাথার তালু থেকে চুলের ডগা পর্যন্ত চিরুনি দিয়ে মাড়সহ মিশ্রণটি মেশানো হয়।
একজন অবিবাহিত মেয়ে বা নারী সাধারণত কালো একটি কাপড় দিয়ে মাথা ঢেকে রাখেন। কারণ এই চুল তাঁদের কাছে পবিত্র, কেবল পরিবারের সদস্যরাই তা দেখতে পারে। অবশ্য বিয়ের পর চুল ঢেকে রাখার বাধ্যবাধকতা থাকে না আর। মাথার চারপাশে চুল পেঁচিয়ে রাখলে বুঝবেন নারীটি বিবাহিত, তবে তাঁর সন্তান নেই। প্যাঁচানো চুল, সঙ্গে সংরক্ষণ করা কাটা চুলের একটি খোঁপা ইঙ্গিত দেয় ওই বিবাহিত নারীর সন্তান আছে।
একটা সময় পর্যন্ত একজন নারীর চুল কে দেখতে পারবেন আর কে পারবেন না, সেটা ঠিক করা ছিল। মজার ঘটনা, ১৯৮০-র দশক পর্যন্ত একটা আশ্চর্য নিয়ম নাকি প্রচলিত ছিল, পরিবারের সদস্যদের বাইরে কোনো পুরুষ যদি কোনো নারীর খোলা চুল দেখে ফেলতেন, তবে তাঁকে তিন বছর ওই নারীর পরিবারের সঙ্গে থাকতে হতো। কিংবদন্তি আছে, অনেক অনেক বছর আগে অপছন্দের পানিপ্রার্থীদের চুল দিয়ে চাবুকের মতো সপাং করে বাড়ি দিয়ে বিদায় দিতেন নারীরা।
অবশ্য গ্রামে পর্যটক আসতে শুরু করায় চুলের ব্যাপারে কঠোর বিভিন্ন নিয়ম শিথিল হয়ে গেছে। কারণ চীনের নানা প্রান্তের এমনকি ভিনদেশি পর্যটকেরা গ্রামটিতে আসেন ওই চুলের খ্যাতির জন্যই। এখানে পর্যটকদের জন্য আছে মঞ্চও। গ্রামের নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি প্রতিদিন ওই মঞ্চে ঐতিহ্যবাহী লাল পোশাক পরে দল বেঁধে গান ও নাচে অংশ নেন। এভাবে সব মিলিয়ে নারীদের এই লম্বা চুলের কারণে গ্রামবাসীর বেশ দুপয়সা আয় হচ্ছে পর্যটকদের থেকে।
আর একটি কথা, রেড ইয়াও নারীরাসহ গ্রামের বাসিন্দারা কিন্তু যথেষ্ট অতিথিবৎসল। ভাগ্য ভালো হলে গ্রামটিতে ঘুরতে গেলে হয়তো তাঁরা আপনাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানাবে। সেখানে বসে এক কাপ কফি কিংবা চা খেতে খেতে জানতে পারবেন তাঁদের ঐতিহ্যের নানা দিক আর নারীদের এই আশ্চর্য চুল সম্পর্কে বিস্তারিত।
সূত্র: ইনসাইডার ডট কম, মেসি নেসি চিক ডট কম, আউটলুক ইন্ডিয়া ডট কম

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে