জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে, বুঝলেন। তখন কেমন জানি লাগে! একেবারে হতাশার চূড়ান্ত অবস্থা। ওই সময়টায় দুঃখে কখনো কখনো এমনটাই মনে হয় যে, আগামীকালই ‘একটা সেলাই মেশিন কিনে শাবানা হয়ে যাব’!
শাবানা এ দেশের কিংবদন্তিতুল্য অভিনয়শিল্পী। শৈশব থেকে বিটিভিতে তাঁর অভিনীত প্রচুর চলচ্চিত্র দেখা হয়েছে। একটি বিষয় প্রণিধানযোগ্য যে, শাবানা অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়েই আমরা ছোটরা এবং অনেক বড়রাও লাঞ্ছনা-গঞ্জনা-শোক-দুঃখ সহ্য করে অবিচল থাকার শিক্ষা পেতাম। এগুলো কাজেও লেগেছে বটে। এই যে এখন হাজারো কিছু সহ্য করে আদর্শ ‘সহনশীল’ প্রাণী হওয়ার যোগ্যতা অর্জন করেছি, তার জন্য অনেকটা ধন্যবাদ ওই ছবিগুলোর প্রাপ্য।
তবে তারপরও হতাশা আসে। এমন জোরেশোরেই আসে যে, মনে হয় রাস্তায় নেমে যাই সন্ন্যাসীর মতো। সন্ন্যাস গ্রহণ করে সবাই তো টিকে থাকতে পারে না। সেই টিকে না থাকা ব্যক্তিরাই সৎ সাহসের অভাবে একপর্যায়ে সেলাই মেশিন কিনে শাবানা হতে চায়! ওই যতটা পারা যায় আর কী।
বলে ফেলা ভালো, শিরোনামের বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নেওয়া। কোনো এক সৃষ্টিশীল মানুষের প্রোফাইলেই হয়তো পাওয়া গিয়েছিল। পরে দেখা গেল এ প্রক্রিয়ায় সবাই-ই ট্রোলে অংশ নিচ্ছে। তা ভাবলাম, আমিই বা বাদ থাকি কেন?
যদিও মনকে চোখ মেরেছে এই নির্দিষ্ট লাইনটির অন্তর্নিহিত তাৎপর্য ও দর্শন। নিজের হতাশা প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে? ‘অন্তর্নিহিত তাৎপর্য’–এর বিষয়টির সঙ্গে স্কুল থেকেই আমরা বেশ পরিচিত। কিন্তু সত্যি বলছি, এতটা গভীর ‘অন্তর্নিহিত তাৎপর্য’ আর কোনো কথায় খুঁজে পাইনি। দ্বিমত থাকলে আমার সীমাবদ্ধতা মেনে ক্ষমা করে দেবেন, প্লিজ।
প্রথমে ভেবেছিলাম, এ লাইনটা শুনেই বিক্ষিপ্ত হয়ে যাওয়া ব্যক্তিটি বুঝি আমি একাই। পরে দেখলাম, না না, এ দেশে এমন অনেকেই আছে। সেটি নিশ্চিত করল বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গ্যালপ। কিছুদিন আগে বিশ্বে নেতিবাচক অভিজ্ঞতার সূচকে থাকা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনমত জরিপকারী সংস্থা গ্যালপ। নাম ‘গ্লোবাল ইমোশনস রিপোর্ট-২০২২’। সেখানে সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতার সূচকে প্রথম ১০টি দেশের মধ্যে সপ্তম স্থান পেয়েছে বাংলাদেশ।
গ্লোবাল ইমোশনস রিপোর্টে চারটি বিভাগ রয়েছে—সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতা সূচক, সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতা সূচক, সর্বনিম্ন নেতিবাচক অভিজ্ঞতা সূচক ও সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতা সূচক। এসব সূচক নির্ধারণ করা হয়েছে মানুষের রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষাদের অভিজ্ঞতার আলোকে।
গ্যালপের প্রতিবেদন বলছে, রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষাদের দিক থেকে একেবারে শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটির স্কোর ৫৯। সেখানে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫। একই স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আছে ইকুয়েডর ও গিনি।
অর্থাৎ, আমার মতো সেলাই মেশিন কিনে হতাশা প্রকাশ করার মতো অনেক মানুষ এ দেশে আছে। তাদের দুঃখ, হতাশা, রাগ, ক্ষোভের কারণগুলো কী আসলে? আরে সব কি আর বলা যায় নাকি! পকেটের টান বড় টান, প্রেমের টানের চেয়েও শক্তিশালী। বর্তমান বিশ্বে পকেট খালি তো মন বসবে না পড়ার (বা কাজের) টেবিলে! এবার দয়া করে জিজ্ঞেস করে বসবেন না যেন, পকেটে কেন টান লাগছে। সব কথা এভাবে বলা যায় না যে! যদিও দুঃখের কথা ভাগাভাগি করলে মন হালকা হয়, তবে মাথাব্যথা বলে মাথা কাটার মতো কোনো পরিবেশ সৃষ্টি করে হালকা হওয়ার কোনো ইচ্ছা এই অধমের নেই।
শেষটা করি নাসিরুদ্দিন হোজ্জাকে দিয়ে। মোল্লা নাসিরুদ্দিন একটা সময় নাকি চিকিৎসা করতেন মানুষের। এ নিয়ে আশ্চর্য হতেই পারেন, তবে হোজ্জাকে দিয়ে সবই সম্ভব। তো এক দিন এক লোক তাঁর বাড়ির কাছে এসে ‘বাবা গো, মা গো’ চিৎকার শুরু করে দিল। চিকিৎসকরূপী মোল্লা স্বভাবতই জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে?’ জবাবে ওই ব্যক্তি জানাল তাঁর পেটে ব্যাপক ব্যথা। জানা গেল, রোগী খেয়েছিল পচা পিঠা। আর এই না শুনে কালবিলম্ব না করে মোল্লা নাসিরুদ্দিন গেলেন রোগীর চোখে ওষুধ দিতে। সঙ্গে সঙ্গে রোগী জানাল—চোখে নয়, চোখে নয়, ব্যথা পেটে।
তখন হোজ্জা বললেন, ‘আসল রোগ তো চোখে। চোখ খারাপ না হলে কি আর কেউ পচা পিঠা খায়?’
আমরাও সবাই জানি যে, রোগটা আসলে কোথায়! কিন্তু পেট ঠিক করার আশায় চোখ কানা করার শখ কার হয়, বলুন!
সে যাক গে। জেনে রাখুন, গ্যালপের জরিপ অনুযায়ী সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতা তথা সবচেয়ে কম নেতিবাচক অভিজ্ঞতার দেশের তালিকায় শীর্ষে আছে পানামা, স্কোর ৮৫। এবার কি তবে হতাশ বোধ করলে একটা জাহাজ কিনে পানামা চলে যাব?
ভেবে দেখতে পারেন কিন্তু। আইডিয়া একেবারে খারাপ না!

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
২১ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে