নদীতে পানি থাকবে এটাই স্বাভাবিক। পাহাড়ি নদীতে জলের মাঝখানে ছোট-বড় নানা আকারের পাথরও দেখা যায়। তবে গোটা নদীতেই যদি বিশাল সব পাথর থাকে কিংবা আরও পরিষ্কারভাবে বললে গোটা নদীটিই যদি পাথরের হয় তখন? এমন পাথরের নদী সত্যি আছে। ছয় কিলোমিটার লম্বা পাথরের এই নদীর দেখা পেতে হলে আপনাকে যেতে হবে রাশিয়ার সাউদার্ন উরালের চেলিয়াবিনস্ক ওবলাস্ত এলাকায়।
কিন্তু ঘটনা হলো, এই এত পাথর কোথা থেকে এল কিংবা পাথরের এই নদীর জন্ম হলো কীভাবে? আজব এই নদীর জন্ম দিয়ে নানা ধরনের কিংবদন্তি ও গল্পগাথা ডালপালা মেললেও প্রায় ১০ হাজার বছর আগে পর্বত থেকে পাথর নেমে আসাই এর কারণ বলে ধারণা করেন বিজ্ঞানীরা। ওই সময় তাগানায় পর্বতমালার ওপর জমা হওয়া হিমবাহের উচ্চতা গিয়ে ঠেকে ৪ হাজার ৮০০ মিটারে। বরফের প্রচণ্ড চাপে পর্বতের ওপরের অংশ ভেঙে গিয়ে লাখ লাখ বিশাল আকারের পাথরের টুকরোয় পরিণত হয়।
বরফ গলে গেলে পাথরগুলো ধীরে ধীরে পর্বতের শরীর বেয়ে নেমে এসে তৈরি করে বিশাল পাথরের নদীর। স্বাভাবিকভাবেই বিশাল সব পাথরের উপস্থিতির কারণে এর নামই হয়ে গেছে বিগ স্টোন রিভার। এই নদী প্রবাহিত না হলেও দেখতে পাথরের একটি নদীর মতো মনে হওয়ায় এমন নাম পায়। সত্যি কথা হলো, হাজার হাজার বছর ধরে স্থির অবস্থায় আছে এখানকার পাথরগুলো।
পাথরের নদীতে আছে কোয়ার্টজাইটের বিশাল সব ব্লক ও অ্যাভেনটুরিন। কোয়ার্টজ সমৃদ্ধ শক্ত পাথর হলো কোয়ার্টজাইট। আর সিলিকা কিংবা লৌহ সমৃদ্ধ কোয়ার্টজ হলো অ্যাভেনটুরিন। এখানকার কোনো কোনো পাথরের ওজন ৯-১০ টন।
মজার ঘটনা, পাথরগুলো হাজার বছর ধরে স্থির থাকলেও নদীর একেবারে কাছে চলে গেলে পানি বয়ে চলার মৃদু শব্দ শুনে চমকে উঠবেন। ঘটনা হলো, পাথরের নিচ দিয়ে ছোট ছোট নালা বয়ে গেছে। এসব নালার জলের এই শব্দই শোনা যায়।
পৃথিবীতে বিগ স্টোন রিভারই একমাত্র পাথরের নদী নয়। উরাল পর্বতমালায় এ ধরনের আরও নদী আছে। রাশিয়ার বাইরে বুলগেরিয়ার ভিতোশা পর্বতে এমন কয়েকটি পাথরের নদীর দেখা মেলে। এর মধ্যে ভ্লাদায়স্কা নদীর উজানের দিকে সাবালপাইন মালভূমিতে অবস্থিত একটি নদীর দৈর্ঘ্য দুই কিলোমিটারের মতো। এদিকে ভিতোশক বিসট্রিটসা নদীর উপত্যকায় অবস্থিত অপর একটি পাথরের নদীর কোনো কোনো অংশ প্রায় ৩০০ মিটার চওড়া।
তবে এ ধরনের কোনো পাথরের নদীরই তুলনা চলে না সাউদার্ন উরাল এলাকার বিগ স্টোন রিভারের সঙ্গে। ছয় কিলোমিটার লম্বা এই পাথরের নদীটি গড়ে ২০০ মিটার চওড়া হলেও এর কোনো কোনো অংশ ৭০০ মিটার চওড়া। এই নদীটির আরেকটি মজার বিষয় আছে, চলার পথে সত্যিকারের নদীর মতো ঘন এক পাইনের জঙ্গল কেটে চলে গেছে এটি। পাথরের নদীটি গড়ে ৪ থেকে ৬ মিটার গভীর। এ কারণে নদীতে ছত্রাক ছাড়া আর কোনো উদ্ভিদের অস্তিত্ব নেই বললেই চলে।
তাগানায় ন্যাশনাল পার্ক এলাকার সবচেয়ে দর্শনীয় বস্তু হিসেবে বিবেচনা করা হয় বিগ স্টোন রিভারকে। শুধু তাই নয়, গোটা রাশিয়ার জনপ্রিয় পর্যটন দ্রষ্টব্যগুলোর একটি এটি। তবে সুযোগ পেলে প্রকৃতির এই অনন্য বিস্ময়টি দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয় কারওরই। তবে এখানে জানিয়ে রাখা ভালো, আশপাশের কোনো পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে দেখলেই বিগ স্টোন রিভার বা পাথরের নদীটি আপন সৌন্দর্য নিয়ে ধরা দেবে আপনার চোখে।
সূত্র: অ্যামিউজিং প্ল্যানেট, অডিটি সেন্ট্রাল, ভিয়েতনাম টাইমস

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে