Ajker Patrika

হতাশ হতে না করেছেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ জুন ২০২৬, ১০: ৩৯
হতাশ হতে না করেছেন ব্রাজিল কোচ
ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

মর্নিং শোজ দ্য ডে—বহুল প্রচলিত ইংলিশ প্রবাদ বাক্যটি অনেকেরই জানা। তবে আজ মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কথার সুর উপরোক্ত প্রবাদের বিপরীতই। এখনই হাল ছাড়তে নারাজ আনচেলত্তি।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। এই ম্যাচ ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। মরক্কোর জমাট রক্ষণের সামনে ব্রাজিলের আক্রমণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তিও ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে দিয়েছেন ইতিবাচক বার্তাও, ‘আমরা ভালো খেলিনি। কিন্তু হতাশ হওয়া যাবে না। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই একটা দল নিখুঁত খেলবে—এমনটা ভাবা ঠিক নয়। প্রথম ম্যাচের ফলের ওপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।’

২১ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তাতে করে ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারার ঝুঁকিতে পড়েছিল ব্রাজিল। কিন্তু ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ মুহূর্তে গোলরক্ষক আলিসন বেকারের বীরত্বে বড় পরাজয় থেকে রক্ষা পায় সেলেসাওরা।

মাংসপেশির চোটে পড়ায় নেইমার আজ মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি। তাতে করে আক্রমণভাগের নেতৃত্ব পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদেও যিনি নিয়মিত গোল ও অ্যাসিস্ট করেছেন। ভিনিকে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘সে ভালো খেলেছে। সে খুবই বিপজ্জনক ছিল। আমার বিশ্বাস সে বিশ্বকাপে দুর্দান্ত খেলবে।’

ড্র করলেও ব্রাজিলের ভক্তসমর্থকদের অনুপ্রেরণা এখন ইতালি। স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ বিশ্বকাপে ইতালি নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল। সেই ম্যাচে আজ্জুরিদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। প্রথম ম্যাচ ড্র করা ইতালিই সেবার হয়েছিল চ্যাম্পিয়ন। আনচেলত্তির দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো রয়েছে। এবার দল সংখ্যা বেড়েছে। ৩২ দল থেকে বেড়ে হয়েছে ৪৮ দল। নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অব বত্রিশ দিয়ে। ভুলগুলো শুধরে যদি ধারাবাহিক পারফরম্যান্স করা যায়, তাহলে ব্রাজিলও হতে পারে চ্যাম্পিয়ন।

২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ম্যাচটি ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে ২৫ জুন। মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত