
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশকে শিরোপা জিতিয়ে আলোচনায় সুলিভান ব্রাদার্স। টুর্নামেন্টে নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন রোনান সুলিভান। ডেকলান খেলেছেন মাত্র দুটি ম্যাচ; সেটাও বদলি হিসেবে। তবে দুজনই প্রমাণ করেছেন—বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের অমূল্য সম্পদ হতে যাচ্ছেন তাঁরা।
বয়সভিত্তিক সাফে খেলে এরই মধ্যে ভক্তদের মুখে মুখে সুলিভান ব্রাদার্সের নাম। এই দুই ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ। অথচ সুলিভান ব্রাদার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, দুই মাস আগেও যেটা ছিল দিবালোকে স্বপ্ন দেখার মতো। রোনান-ডেকলানের বাংলাদেশের হয়ে খেলার গল্পটা যেন সিনেমার গল্পকেও হার মানায়।

নানী সুলতানা আলমের সঙ্গে রোনান। ছবি: বাফুফে
রোনান ও ডেকলানের বাংলাদেশের হয়ে খেলার পেছনে ভূমিকা রেখেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের পোস্ট করা একটি ভিডিও। যে ক্লাবের হয়ে খেলেন সুলিভান পরিবারের বড় ছেলে কুইন সুলিভান। সুলিভান পরিবারের চার ভাইয়ের মধ্যে বাকি জন কাভান সুলিভান; এদের সবাই ফুটবলার। সবচেয়ে বেশি নাম করেছেন কুইন। ফিলাডেলফিয়ার জার্সিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের লিগে খেলেন তিনি; খেলেছেন যুক্তরাষ্ট্রের যুব দলে। ২০২৬ বিশ্বকাপ দলে সহ-আয়োজকদের হয়ে খেলার সম্ভাবনা আছে তাঁর।
ফিলাডেলফিয়ার ওই ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় খেতে খেতে নিজের শিকড় নিয়ে কথা বলছিলেন কুইন। তিনি জানান, তাঁর নানির জন্ম বাংলাদেশে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, কুইনের নানির নাম সুলতানা আলম। ঢাকার এই মেয়ে মুক্তিযোদ্ধা ছিলেন। অনেক আগেই উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সুলতানা। সেখানকার ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই ইউনিভার্সিটির জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে বিয়ে করেন যুক্তরাষ্ট্রেই থেকে যান সুলতানা।
ক্রিপেনডর্ফ-সুলতানা দম্পতির মেয়ের ঘরের চার ছেলে কুইন, কাভান, রোনান ও ডেকলান যুক্তরাষ্ট্র ফুটবলে নিজেদের অবস্থান করে নিয়েছেন। কুইন এবং কাভান খেলে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ফুটবলে। তাঁদের দুজনের পথ না হেঁটে বাংলাদেশ যুব দলে নাম লিখিয়েছেন রোনান এবং ডেকলান। কুইনের ওই ভিডিও দেখার পর ‘সেভ বাংলাদেশ ফুটবল’ নামের একটি অনলাইন পেজ থেকে তাঁদের নানি সুলতানার সঙ্গে যোগাযোগ করে। এরপর রোনান এবং ডেকলানের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যোগাযোগ শুরু হয়। বাকি গল্পটা তো সবারই জানা।
ফুটবল যেন সুলিভান পরিবারের রক্ত মিশে থাকা এক নাম। তাঁদের বাবা ব্রেন্ডন সুলিভান অস্ট্রেলিয়া ‘এ’ লিগে খেলেছেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হয়ে খেলার অভিজ্ঞতাও আছে ব্রেন্ডনের। ফুটবল ছেড়ে পরবর্তীতে কোচের ভূমিকায় দেখা যায় তাঁকে। মা হেইকে ডিভিশন ওয়ান পর্যায়ে ফুটবল খেলেছেন এবং একই বিশ্ববিদ্যালয়ের নারী দলের নেতৃত্ব দিয়েছেন। সুলিভান ব্রাদার্সের চাচাতো ভাই ক্রিস অলব্রাইট যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া কুইনের মতো ফিলাডেলফিয়া হয়ে মাঠ মাতিয়েছেন অলব্রাইট।
রোনান-ডেক্লান লাল-সুবজ পতাকায় লিখবেন নতুন নতুন গৌরবগাথা, অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ফুটবলারকে নিয়ে সে স্বপ্নই দেখছে বাংলাদেশ।

পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১ ঘণ্টা আগে
সেই গোলই নিশ্চিত করে বাংলাদেশের হার। সবমিলিয়ে ম্যাচে আটটি সেভ দিয়েছেন মিলি। যেভাবে লম্বা সময় চীনের মতো দলকে আটকে রেখেছিল বাংলাদেশ তা কুর্নিশ পাওয়ারই যোগ্য। সিনিয়র এশিয়ান কাপের মতো তাই এখানেও দেখা গেল একই দৃশ্য।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে নিজের সেরাটাই দিচ্ছেন কাটার মাস্টার। এই বাঁ হাতি পেসারকে বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার হিসেবে আখ্যা দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে। চীনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণ কিছু করতে পারবে তো বাংলাদেশ?
৩ ঘণ্টা আগে