
সতীর্থকে জড়িয়ে ধরে কাঁদছিলেন মুর্শেদ আলী। বাংলাদেশের যেকোনো ফুটবলভক্তকে নাড়িয়ে দেবে সেই দৃশ্য। টুর্নামেন্টজুড়ে দারুণ খেললেও হেরে যেতে হলো ভাগ্য নির্ধারণের খেলায়। টাইব্রেকারে বাংলাদেশকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শিরোপা উল্লাস করে স্বাগতিক ভারত। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও এই ফুটবলারদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সাবেকেরা। তাতে আরও সমৃদ্ধ হবে দেশের পাইপলাইন।
অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে ব্যবধান গড়ে দিতে পারেনি। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি আজকের পত্রিকাকে বলেন, ‘পেনাল্টি শুটআউটে হারাটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ একটু ভুল করেছে। এক গোল পিছিয়ে থাকার পর যখন সমতায় ফিরল, তখন ভারতকে আরেকটু চাপে রাখলে আমার মনে হয়েছে গোল বের হয়ে আসত। তবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে।’
টাইব্রেকারে নিজের শটটি গোলে রূপান্তরিত করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সেই ভুলটি বাদ দিলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। চার ম্যাচে ৩ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। তা-ই নয়, গোলের জোগানও দিয়েছেন বেশ সূক্ষ্মভাবে। তাঁকে নিয়ে এমিলি বলেন, ‘নাজমুল আক্রমণে বেশ কার্যকরী খেলোয়াড়। ফাইনাল বাদে সব ম্যাচেই হয় গোল করিয়েছে নয়তো করেছে। একজন অ্যাটাকিং মিডফিল্ডারের কাছ থেকে এটাই তো চাওয়া থাকে। স্যামুয়েল রাকসাম, মুর্শেদ ও মিঠু চৌধুরীর ভালো সামর্থ্য আছে।’
যুবাদের অনেকেরই নাড়িনক্ষত্র জানা আছে জাতীয় দলের সাবেক ফুটবলার আতিকুর রহমান মিশুর। অনূর্ধ্ব-১৭-তে থাকতে তাঁদের সহকারী কোচ ছিলেন তিনি। তাঁর চোখে টুর্নামেন্টে আলাদাভাবে নজর কেড়েছেন মুর্শেদ। বাঁ পায়ের এই উইঙ্গার ডান প্রান্ত দিয়ে ত্রাস সৃষ্টি করেছেন প্রতিপক্ষের অর্ধে। গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ম্যাচে একটি গোলসহ দুটি অ্যাসিস্ট করেছেন তিনি।
মিশু বলেন, ‘মুর্শেদ আমাদের দেশের কন্ডিশনে বিরল প্রজাতির এক খেলোয়াড়। তার মধ্যে বিশেষ কিছু আছে। সাধারণত আমাদের দেশের উইংয়ের অনেক খেলোয়াড়ের মধ্যে তেমনটা দেখা যায় না, যারা বলকে নিয়ন্ত্রণে রেখে দু-একজনকে কাটানোর ক্ষমতা রাখে। তার শুটিং অ্যাবিলিটিও দারুণ। সবকিছু মিলিয়ে বেশ ভালো মানের এক ফুটবলার পাব ইনশা আল্লাহ। আমি বলব, এই দল থেকে কিছু অবিশ্বাস্য প্রতিভা বের হবে।’
মুর্শেদ ছাড়াও নাজমুল, ডিফেন্ডার মিঠু ও গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের প্রশংসায় পঞ্চমুখ মিশু। ম্যাচের দ্বিতীয় মিনিটে মাহিনের ভুলেই গোল হজম করেছিল বাংলাদেশ। দূরপাল্লার ফ্রি কিক ঠেকাতে পারেননি তিনি, যা বেশ অবাকই করেছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকে। তিনি বলেন, ‘মাহিন শুরুতে যে ভুলটা করল, তা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি জানি না তার মনোযোগ তখন কোথায় ছিল। এমন ভুল সচরাচর কেউ করে না। তার দাঁড়ানোর অবস্থান ঠিক ছিল না। বলকে তালুবন্দী করার অনেক সময় পেয়েছিল। সে অনেক প্রতিভাবান, বেশি বেশি ম্যাচ খেললে ভুল থেকে শিক্ষা নিতে পারবে।’
চ্যাম্পিয়ন হতে না পেরে নিজেদের হয়তো ব্যর্থ মনে করে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে নাজমুল-মুর্শেদদের নিয়ে ভবিষ্যতের স্বপ্ন তো দেখাই যায়।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে