Ajker Patrika

মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু

রানা আব্বাস, কানসাস থেকে
মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু
বয়সকে হার মানিয়ে মাঠে দ্যুতি ছড়িয়ে চলেছেন ৩৯ ছুঁই ছুঁই লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর তাঁর চিরচেনা উদ্‌যাপন। ছবি: এএফপি

ম্যাচ শুরুর খানিক আগে দৃশ্যটা দেখা গেল। বন্ধু সার্জিও আগুয়েরো ডাগআউটের কাছে ব্যস্ত ছিলেন টিভি শো নিয়ে। গা গরম শেষে মেসি এগিয়ে এলেন, বন্ধুকে ভালোবাসা জানালেন। এ দৃশ্যে করতালির শব্দ ভেসে এল কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের পরিপূর্ণ গ্যালারি থেকে।

মেসি যা-ই করেন, তাতেই মুগ্ধ হন দর্শকেরা। আর্জেন্টাইন জাদুকর যখন গোলের হ্যাটট্রিক করেন, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসান আর আর্জেন্টিনা ৩-০ গোলে জেতে, তাতে পুরো স্টেডিয়ামে উন্মাতাল পরিবেশ সৃষ্টি হয়!

ম্যাচের শুরুতেই অবশ্য নিস্তব্ধতা ভর করেছিল আকাশি-সাদায় পরিপূর্ণ গ্যালারিতে, যখন আলজেরিয়া পেয়ে গেল প্রথম গোল। অফসাইডে সে গোল বাতিল। কিছু পরে অফসাইডে বাতিল আর্জেন্টিনার গোলও। শুরুতে মাঠের কিছুটা নাটকীয়তা দেখা গেলেও এরপরই শুরু ম্যাজিক শো। মেসি-ম্যাজিক।

ম্যাচের ১৬ মিনিটেই শুরু হয় মেসির জাদু। নিখুঁত নিশানায় চার ডিফেন্ডারকে ভেদ করে রদ্রিগো দে পলের বাড়িয়ে দেওয়া পাস থেকে আলজেরিয়ার ডি-বক্সের ঠিক বাইরে বল পান মেসি। চকিতে দুর্দান্ত মোচড়ে বাঁ পায়ের জাদুকরি শটে বল পাঠান জালে।

প্রথমার্ধে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার কাছে। আক্রমণ মেসির ওপর ছেড়ে লিওনেল স্কালোনি রক্ষণটা জমাট রাখতে চেয়েছিলেন। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচের কথা মনে করে সতর্ক স্কালোনি আলজেরিয়ার বিপক্ষে খেলেছেন ৪-৩-৩ ছকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু নিষ্ফলা আক্রমণে পর ৬০ মিনিটে আবারও মেসি-দ্যুতি। মাক আলিস্তারের নেওয়া জোরালো শট ঠিকমতো সেভ করতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। বল ফিরে আসতেই মেসি কি আর হাতছাড়া করেন! চিতার গতিতে বল জড়ান জালে। ভিআইপি বক্সে ছেলের নাস্তানাবুদ হতে দেখে বাবা ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের চিন্তিত চেহারাটা ভেসে ওঠে বড় পর্দায়।

মেসির জোড়া গোল হতেই গ্যালারি তখন কাঁপছে। আর্জেন্টিনা অধিনায়ক দর্শকদের ভালোবাসার জবাব দেন উড়ন্ত চুমু দিয়ে, থাম্বস আপ দেখিয়ে। কখনো দুই হাতে ইশারা করেন দর্শকদের, বলতে চান, আরও জোরে সমর্থন দিন। আর্জেন্টাইনরা সোৎসাহে ড্রাম বাজাতে থাকেন, গাইতে থাকেন: ‘ওলে, ওলে, ওলা... ভামোস আর্হেন্তিনা!’ এই উৎসবমুখর পরিবেশে ৭৬ মিনিটে মাঝমাঠ থেকে এক বিদ্যুৎগতির পাল্টা আক্রমণে বল নিয়ে ছুটে যান মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত এক শটে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। আর এতে বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে পেলেন প্রথম হ্যাটট্রিকের দেখা।

হ্যাটট্রিক হয়ে যাওয়ার পর মেসিকে আর মাঠে রাখতে চাননি কোচ স্কালোনি। ৮০ মিনিটে মেসি মাঠ ছাড়লেন নিকোলাস ওতামেন্দির হাতে আর্মব্যান্ড দিয়ে। স্কালোনি তখন রক্ষণ ও আক্রমণে দুটি পরিবর্তন আনেন। মাঠ ছাড়তেই গ্যালারির প্রায় ৭০ হাজার দর্শক দাঁড়িয়ে সম্মান জানালেন আর্জেন্টিনা অধিনায়ককে।

সারা পৃথিবী থেকে সম্মান, ভালোবাসা যেমন পান, মেসিও সেটির প্রতিদান দিতে চান জাদুকরি ফুটবলে। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা যে দুর্দান্ত হলো, আরও অনেক কিছু দেখার অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত