
শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার পর মুশফিকুর রহিম কিছুক্ষণ ঠায় দাঁড়িয়েছিলেন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেদিন এক অঙ্কের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ এশিয়া কাপে মুশফিক না পারলেও আজ তিন অঙ্ক ছুঁয়েছেন তানজিদ হাসান তামিম। মিরপুর শেরেবাংলায় আজ পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন জুনিয়র তামিম।
বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত তানজিদ তামিম তিন বছরে বাংলাদেশের হয়ে ৩১ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন। ৭৬ ম্যাচের ক্যারিয়ারে ১৭ ফিফটি করলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। অবশেষে আজ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ছক্কা মেরে তানজিদ তামিমের সেঞ্চুরির পর মিরপুর শেরেবাংলার গ্যালারিতে দেখা যায় উচ্ছ্বাস। তিন অঙ্ক ছুঁয়ে প্রথমে হেলমেটটা খুললেন। তারপর পিচে সিজদা দিলেন। তাতে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির অপেক্ষা ঘুচল বাংলাদেশের। ২০১৫ সালে মিরপুরে সৌম্য সরকারের ১১০ বলে ১২৭ রানের ইনিংসের সুবাদেই পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সফরকারীরা তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। আর বাংলাদেশ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই। আগে ব্যাটিং পেয়ে প্রথম থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন তানজিদ তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ১০৯ বলে ১০৫ রান যোগ করেছেন তাঁরা। যার মধ্যে তামিমের স্কোর ছিল ৫৪ বলে ৬৩।
উদ্বোধনী জুটি ভাঙার পর তামিমের রান তোলার গতি কিছুটা কমে গেলেও সেঞ্চুরি করেছেন ১০০+ স্ট্রাইকরেটে। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলী আগাকে সোজা সাইটস্ক্রিনের বরাবর ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৯৮ বল। তিন অঙ্ক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৭তম ওভারের তৃতীয় বলে আবরারকে কাট করতে যান তামিম। ব্যাটে বলে ঠিকমতো সংযোগ না হওয়া বল সোজা কাভারে শাহিন আফ্রিদির হাতে চলে যায়। ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে বিদায় নেন তানজিদ তামিম।
তানজিদ তামিমের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ও তাওহীদ হৃদয় ২৬ ও ২১ রানে ব্যাটিং করছেন। ৩৪ বলে তারা ৩৩ রানের জুটি গড়েছেন।
২০১৫ সালের বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজটা ছিল তামিমময়। দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩১২ রান করে সিরিজসেরা হয়েছিলেন তামিম ইকবাল। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ১১ বছর পর এবার বাংলাদেশের সামনে সেই সুযোগ থাকলেও গত পরশু ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ১২৮ রানে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি।

২৬ মার্চ শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ-শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শটে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব
৫ ঘণ্টা আগে
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন
৬ ঘণ্টা আগে