
কলম্বোতে ২৮ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষের পরই নাজমুল হোসেন শান্ত সবাইকে চমকে দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, টেস্টে আর তিনি অধিনায়কত্ব করতে চান না। হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেওয়া শান্তকেই আবার দেওয়া হলো নেতৃত্বের গুরুদায়িত্ব। মাঝের এই সাড়ে চার মাস বেশ ‘রিল্যাক্সে’ ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশ আর কোনো টেস্টই খেলেনি। শান্তর পরিবর্তে টেস্ট অধিনায়ক কে হতে পারেন, সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্পও ভেবে রেখেছিল। শেষ পর্যন্ত শান্তর কাঁধে টেস্টের নেতৃত্বভার তুলে দেওয়ার কথা গত ১ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে ঘোষণা করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসে শান্ত বলেন, ‘মাঝে কত দিন অধিনায়ক ছিলাম না। সে সময় রিল্যাক্স ছিলাম। সময়টা উপভোগ করেছি। ভালো সময় কেটেছে।’
শান্তর কাছে নিজের চেয়ে দল বড়। এই ধারণা থেকেই টেস্টে ফের অধিনায়ক হয়েছেন বলে আজ আয়ারল্যান্ড টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। বিসিবির এমন সিদ্ধান্তকে (টেস্টে অধিনায়কত্ব ফেরানো) সম্মান জানিয়ে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বোর্ড যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। আমি শান্ত ব্যক্তির চেয়ে বাংলাদেশ দল অনেক বড়—একটা সময় এই চিন্তাও হয়েছে। আমার চিন্তার চেয়ে বড় চিন্তা, বাংলাদেশ দলের কী প্রয়োজন। বোর্ডের এত কর্মকর্তা বা সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন। তারা দল ও আমার ভালোর জন্য পরামর্শ দিচ্ছেন। সেই আলাপচারিতাকে শ্রদ্ধা জানিয়েছি। শান্তর চেয়ে দল আগে রাখা উচিত। আমি তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
শান্ত টেস্টে ফেরায় বাংলাদেশ এখন তিন সংস্করণে তিন অধিনায়কের অধীনে খেলছে। সাদা বলের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। যদিও এক সময় তিন সংস্করণে তিন অধিনায়কের পক্ষে ছিলেন না শান্ত। এই ব্যাখ্যায় বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা মনে হওয়ার (তিন সংস্করণে তিন অধিনায়ক না রাখা) যথেষ্ট কারণও ছিল। কিন্তু কী কী সমস্যা হতে পারে, সমস্যা যেন না হয় কিংবা এর সমাধান কী হতে পারে, তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এসব ব্যাপারে আমি খুবই স্পষ্টবাদী। আশা করি কোনো সমস্যা হবে না। বাকি দুই অধিনায়কের সঙ্গে বোঝাপড়া খুবই ভালো।’
সাড়ে ৭ ঘণ্টার মিটিং শেষে মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে ৩ নভেম্বর নিয়োগ দিয়েছে বিসিবি। তাঁকে আপাতত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের জন্যই এমন দায়িত্ব দেওয়া হয়েছে। আশরাফুলকে পেয়ে ক্রিকেটাররা বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খুবই রোমাঞ্চিত আমরা। এত বছর ক্রিকেট খেলেছেন তিনি। তারপর এখন কোচ হয়ে এসেছেন। তিনি যখন খেলতেন, টিভিতে খেলা দেখেছি। তবে এটা খুবই কঠিন যে যতটুকু শুনেছি তিনি একটা সিরিজের জন্য এসেছেন। কতটুকু কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে। তবে তিনি তাঁর অভিজ্ঞতা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আশা করি, তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে দেবে।’
আশরাফুলের মতো আবদুর রাজ্জাককেও এক সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড সিরিজে রাজ্জাক টিম ডিরেক্টরের দায়িত্বে থাকছেন। সিলেটে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ১৯ নভেম্বর। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৪ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে