
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান। তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—আজ বিকেলে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল। রাত সাড়ে ৯টায় এক জুম মিটিংয়ে পদত্যাগের দাবি তুলেছেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। বোর্ড পরিচালকের মন্তব্য নিয়ে মিঠুন বলেন, ‘বোর্ড পরিচালক প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহার করছেন, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে অনেক আঘাত করেছে এবং খেলোয়াড়েরা এটা কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছে না। আমরা তাঁর পদত্যাগের দাবি করছি। তিনি কাল ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন, তাহলে কাল থেকে আমাদের সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করছি।’
কদিন আগে তামিমকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা। মিঠুন আজ জুম মিটিংয়ে সেটাই মনে করিয়ে দিলেন। কোয়াব সভাপতি বলেন, ‘আপনারা বেশ কিছু দিন ধরে দেখছেন যে, আমাদের ক্রিকেটারদের নিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে, একজন থেকে শুরু করে এখন সব ক্রিকেটার নিয়ে যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে—সেটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা কখনোই এক্সপেক্ট করি না। তো ভাষাগতভাবে একজন বোর্ড পরিচালকের আরও চিন্তাভাবনা করে ক্রিকেটারদের ব্যাপারে কথা বলা উচিত বলে আমি মনে করি।’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
ক্রিকেটারদের টাকা ফেরত চাওয়া, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নাজমুলের বক্তব্য ছড়িয়ে যাওয়ার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। তাঁর বক্তব্যের কয়েক ঘণ্টা পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘বিসিবির এক পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অনেককে বিচলিত করে তুলেছে। বিসিবি সেটার দ্রুত সমাধান করতে চায়। এমন মন্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তার এমন বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর মনে করছে বোর্ড। এই ব্যক্তির বিপক্ষে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি।’
দুই দিনের বিরতি শেষে আগামীকাল শুরু হচ্ছে ২০২৬ বিপিএলের শেষ পর্ব। মিরপুরে বেলা ১টায় মাঠে গড়ানোর কথা চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ। সূচি অনুযায়ী সন্ধ্যায় হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। তবে কাল দুপুরের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন কোয়াব সভাপতি মিঠুন। তাতে করে বিপিএলের পাশে বসে গেল প্রশ্নবোধক চিহ্ন।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে