পাঁচ বছর পর ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি—৫ ম্যাচের প্রতিটিতেই বাজেভাবে হেরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর টোটকা দিলেন তাওহীদ হৃদয়।
১২৭, ১৩৫, ১৬৪—টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের দলীয় স্কোরই বলে দিচ্ছে এই সংস্করণে তারা কতটা পিছিয়ে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে ভারত ২৯৭ রান করার পর সেটা আরও স্পষ্ট হয়েছে। বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়ে রেকর্ড বই তছনছ করে ফেলেন সঞ্জু স্যামসন-সূর্যকুমার যাদবরা। ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৩৩ রানে। বিব্রতকর এই পরাজয়ের ম্যাচে ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে অপরাজিত থাকেন হৃদয়।
ম্যাচ শেষে রাজীব গান্ধী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে যখন হৃদয় এলেন, তখন তাঁর কাছে প্রশ্ন টেকনিকের দিক থেকে ভারতের চেয়ে বাংলাদেশের ক্রিকেটাররা পিছিয়ে রয়েছে কিনা। বাংলাদেশের ২৩ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমার কাছে মনে হয় ভালো প্রশ্ন করেছেন। আমরা বেশির ভাগ খেলোয়াড়ই উইকেটটা পড়তে পারি না। বেশির ভাগ ম্যাচ খেলি মিরপুরে। চট্টগ্রামে খেললে আমরা জানি কী হতে পারে। এটাও একটা কারণ হতে পারে।’
গোয়ালিয়র, দিল্লি, হায়দরাবাদ—বাংলাদেশ-ভারত সিরিজের তিনটি টি-টোয়েন্টি হয়েছে তিন ভেন্যুতে। তিন ভেন্যুতেই ভারতের ব্যাটাররা রীতিমতো তান্ডব চালিয়েছে। যেখানে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটা পর্যায়ে ভারতের স্কোর ছিল ৬ ওভারে ৩ উইকেটে ৪৫ রান। সেখান থেকে রিংকু সিং, নীতিশ কুমার রেড্ডি,হার্দিক পান্ডিয়াদের বিস্ফোরক ব্যাটিংয়ে স্বাগতিকেরা করে ৯ উইকেটে ২২১ রান। বাংলাদেশের উন্নতিতে ফ্ল্যাট উইকেটে খেলার তাগিদ হৃদয়ের, ‘অন্য জায়গায় একেক দিন একেক রকম উইকেট থাকে। তাই উইকেট নিয়ে ধারণা করা কঠিন হয় আমাদের কাছে। আমার মনে হয়েছে, যদি ভালো উইকেটে খেলতে থাকি, তাহলে রাতারাতি পরিবর্তন হবে না। তবে আমরা দিন দিন উন্নতি করতে পারব ইনশা আল্লাহ।’
২০০৮ থেকে শুরু করে আইপিএল ইতিহাসে ২৫০ বা তার বেশি রান হয়েছে ১০ ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ রান সানরাইজার্স হায়দরাবাদ এ বছরের শুরুতেই করেছিল রাজীব গান্ধী স্টেডিয়ামে। অথচ বিপিএলে দলীয় সর্বোচ্চ দলীয় স্কোর ২৩৯ রান। আইপিএল-বিপিএল তুলনায় না গিয়ে হৃদয় বলেন,‘বিপিএলের সঙ্গে আইপিএলের তুলনা করতে চাচ্ছি না। শুধু উইকেটের কথা চিন্তা করলে হবে না। স্কিলেও আমাদের উন্নতি করতে হবে। আমাদের চিন্তাভাবনাও ঠিক করতে হবে। আমাদের অনেক জায়গায় উন্নতির জায়গা রয়েছে। আশা করি আমরা আস্তে আস্তে এটা ভালো করব ইনশা আল্লাহ।’
আরও পড়ুন:

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে