২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত কেপ কড উপদ্বীপ অঞ্চলে সন্তানসম্ভবা পোরবিগল হাঙরের শরীরে শনাক্তকরণ যন্ত্র স্থাপন করেছিলেন বিজ্ঞানীরা। মূলত এর বাসস্থান এবং গতিবিধি জানাই ছিল এর লক্ষ্য।
সিএনএন জানিয়েছে, ৭ ফুট ২ ইঞ্চি দীর্ঘ ওই হাঙরটি পোরবিগল এবং এই প্রজাতির ছানাদের জন্য গুরুত্বপূর্ণ আবাস শনাক্ত করার জন্য একটি বিস্তৃত গবেষণার অংশ ছিল। কারণ সমুদ্রে অতিরিক্ত মৎস্য আহরণের দরুন এদের বাসস্থানগুলো প্রায় সময়ই ক্ষতিগ্রস্ত হয়। হাঙরটির শরীরে দুই ধরনের স্যাটেলাইট ট্যাগ বসানো হয়েছিল। এর একটি হাঙরটির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করত এবং অন্যটি দিয়ে হাঙরটি সমুদ্রের কত গভীরে এবং কেমন তাপমাত্রার মধ্যে আছে সেই সম্পর্কে জানা যেতো।
শনাক্তকরণ ট্যাগ বসানোর পর পাঁচ মাস ভালোই চলেছিল। স্বাভাবিক আচরণের মধ্য দিয়ে মা হাঙরটির জীবনযাত্রা এগিয়ে যাচ্ছিল। সমুদ্রের বিভিন্ন গভীরতা এবং তাপমাত্রায় এটি বিচরণ করেছিল। কিন্তু বিপত্তি ঘটে ২০২১ সালে মার্চ মাসে। সেবার হঠাৎ করেই হাঙরটি নিরুদ্দেশ হয়ে যায়। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ট্যাগ ভেসে ওঠার আগে এটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল সমুদ্রের ১ হাজার ৯৬৮ ফুট গভীরে।
বিজ্ঞানীরা দাবি করেছেন, এমন গভীর স্থান থেকে একটি হাঙর হারিয়ে যাওয়ার অর্থ হলো এটিকে আরেকটি বড় শিকারি গ্রাস করেছে। সম্ভবত সেই শিকারিটিও হাঙর। হতে পারে ওই শিকারিটি গ্রেট হোয়াইট কিংবা শর্টফিন মাকোর মতো একটি উষ্ণ রক্তের ল্যামনিড হাঙর।
তাপমাত্রার আকস্মিক বৃদ্ধি এবং ডুব দেওয়ার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন বিষয় বিবেচনা করেই গবেষকেরা এই উপসংহারে পৌঁছেছেন যে, পোরবিগল হাঙরটি অন্যের খাদ্য হয়েছে। কোনো পোরবিগল হাঙরকে অন্য হাঙর দ্বারা শিকার হওয়ার এটাই প্রথম নথিভুক্ত উদাহরণ। হাঙরটি জীবিত থাকলে এর অবস্থানের ডেটা নিরবচ্ছিন্নভাবে পাওয়া যেত বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। কিন্তু ডেটা বন্ধ হয়ে যাওয়া এটাই নিশ্চিত করে যে হাঙরটি আর বেঁচে নেই।
হাঙরটির সম্ভাব্য শিকারি হিসেবে বিজ্ঞানীরা গ্রেট হোয়াইট প্রজাতির হাঙরকেই সবচেয়ে বেশি সন্দেহ করছেন। কারণ এই প্রজাতির হাঙরেরা বিশাল আকার এবং মারাত্মক শিকারি হিসেবে পরিচিত। ফলে তুলনামূলক ছোট আকৃতি পোরবিগল হাঙরকে এরা সহজেই পরাস্ত করতে পারে। অন্যদিকে ডাইভিং প্যাটার্ন ট্যাগের ডেটার সঙ্গে বেশি মিল না থাকায় ওই ঘটনার জন্য শর্টফিন মাকোস হাঙরকে কম সন্দেহ করেছিলেন বিজ্ঞানীরা।
গবেষকদের এই অনুসন্ধানটি বড় হাঙরের মধ্যে জটিল মিথস্ক্রিয়াগুলোর ওপর আলোকপাত করে। এটি দেখায়, পোরবিগলের মতো শীর্ষ শিকারিও অন্য হাঙরের শিকার হতে পারে। পোরবিগল হাঙরের সংখ্যা এখন হুমকির মুখে। এর মধ্যে গর্ভবতী একটি পোরবিগল মায়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিঃসন্দেহ এই প্রজাতির জন্য অনেক বড় একটি ক্ষতি।
গবেষণাটির প্রধান লেখক ড. ব্রুক অ্যান্ডারসন হাঙর সংরক্ষণের জন্য এই ধরনের শিকারের ঘটনা আরও অনুসন্ধান করা উচিত বলে মনে করেন।
সাম্প্রতিক গবেষণাটির সঙ্গে জড়িত না হলেও এটির উপসংহারকে সমর্থন করেছেন হাঙর জীববিজ্ঞানী ড. অ্যাড্রিয়ান গুটারিজ। তিনিও মনে করেন, গ্রেট হোয়াইট হাঙরই পোরবিগলটিকে খেয়ে ফেলেছে।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬