Ajker Patrika

ইলিয়াস আলী কোথায়—সংসদে জানতে চাইলেন তাঁর স্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২২: ৪০
ইলিয়াস আলী কোথায়—সংসদে জানতে চাইলেন তাঁর স্ত্রী
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তাঁর স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এই দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ‘মহান সংসদে দাঁড়িয়ে আমি জানতে চাই, ইলিয়াস আলী কোথায়?’

তাহসিনা রুশদীর ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘ইলিয়াস, সুমন পারভেজসহ আরও যাঁরা গুম হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা জানতে চান, তাঁদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরের বেশি সময়— দেড় বছরের কাছাকাছি, আমরা এখনো জানি না আমাদের স্বজনেরা কোথায়।’

তাহসিনা সংসদে স্পিকারের উদ্দেশে বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাঁদের নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা এখনো জানি না, তাঁদের অবস্থান কী ও তাঁদের পরিণতি কী।’

এ সময় তাহসিনা গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার, গুম হওয়া পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকারদের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, ‘রাষ্ট্রপতি বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের ভূমিকা এবং গুম-খুনের সঠিক চিত্র তুলে ধরেছেন...আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত