
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চ’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটটি উচ্চ ও বাস্তবতাবিবর্জিত। এই বাজেটের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং আয়ের উৎস হিসেবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেটি আসলে বাস্তবতাবিবর্জিত। কারণ, এই পরিমাণ রাজস্ব আদায় করা এই সরকার, প্রশাসন ও করকাঠামোর পক্ষে সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে বাজেট প্রস্তাব অনুষ্ঠান শেষে সংসদ ভবনের জেনারেল এম এ জি ওসমানী গেটের সামনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
সরকার কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির এ নেতা। ফলে ঘাটতি পূরণ করতে সরকারকে দেশি-বিদেশি ঋণের পথ বেছে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে সরকার যদি ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে না পারে এবং স্বাভাবিকভাবেই সরকার পারবে না, তাহলে এই ঘাটতি কিন্তু অনেক বাড়বে। সরকারকে তখন কী করতে হবে? ব্যাংকগুলো থেকে এবং বিদেশ থেকে আসলে ঋণ নিতে হবে।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই রাজস্ব লক্ষ্যমাত্রায় আয় অর্জন করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার অন্তত ৪২ শতাংশ হতে হবে। দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল ২৭ দশমিক ৩ শতাংশ। যদি আগামী অর্থবছরে সেই সর্বোচ্চ রেকর্ড করা সম্ভব হয়, তা-ও লক্ষ্যমাত্রার তুলনায় ৭০ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি সরকার কীভাবে মেটাবে!
সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে ঘোষণা করলেও এই বাজেটই ইতিহাসের ‘সবচেয়ে বড় ঘাটতি বাজেট’ হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
বিরোধীদলীয় চিপ হুইপ বলেন, বর্তমানে ঋণের পরিমাণ ৮ লাখ ১২ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যেগুলো বৈদেশিক ঋণ। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণ বেড়েছে প্রায় ১৬ গুণ। ফলে বর্তমান দুর্বল ব্যাংকিং খাত থেকে আরও ঋণ নেওয়া হলে বেসরকারি খাতে চাপ পড়বে। তাহলে বেসরকারি খাত থেকে সরকার বিনিয়োগ পাবে না, লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে।
নাহিদ ইসলাম বলেন, বিদেশি-দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। এই বাজেট বক্তব্য শুনলে অনেক সুন্দর মনে হবে। কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না।
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করায় বাজেট বাস্তবায়নে অবাধ দুর্নীতির জবাবদিহির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করেনি। ফলে এই বাজেটের ভেতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে, সেগুলো তারা কীভাবে জবাবদিহির মধ্যে আনবে, সেটি নিশ্চিত নই।’
এ সময় চানাচুরের সঙ্গে তুলনা করে নাহিদ ইসলাম বলেন, ‘এটা (প্রস্তাবিত বাজেট) অনেকটা চানাচুরের মতো। খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। এই বাজেটটাকেও আমাদের কাছে সে রকম মনে হয়েছে।’
তবে বক্তব্যের একপর্যায়ে বাজেটের ইতিবাচক দিকও তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অর্থমন্ত্রী পুরো বাজেট ও তাঁর সরকারের আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেছেন। ভালোভাবে দেখলে একটু স্বস্তির জায়গা হচ্ছে—শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ বেড়েছে। যেহেতু নির্বাচনের সময় থেকে কার্ডের রাজনীতি করে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। যেটি থেকে মানুষ কিছুটা উপকার পাবে বলে আশা করা যায়। আর নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি দ্রব্যের কর কমানো হয়েছে।
এগুলো বাস্তবায়নে ব্যবসায়ীদের দ্বিমতের আশঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে দ্রব্যমূল্য কিছুটা কমে আসার কথা। আমাদের এখন দেখতে হবে সামনে কী হয়।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগে