
গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে বিরোধী দল। প্রথম দফার সাত দিনের কর্মসূচি শেষ করে নতুন করে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিএনপির সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় এমন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর এমন কর্মসূচিকে ‘নিরর্থক’ বলে অভিহিত করলেও পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে সরকার। সরকারি দলের নেতারা বলছেন, কর্মসূচির আড়ালে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
প্রথম দফার কর্মসূচি শেষে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে ঐক্যজোট। ঘোষিত সূচি অনুযায়ী, আজ ১৮ এপ্রিল শনিবার থেকে ২ মে পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালিত হবে। আজ ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে (ঢাকা ছাড়া) এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি পুরো সময়ে বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন রাখা হয়েছে।
১১ দলীয় ঐক্যজোটের নেতাদের অভিযোগ, সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। এই প্রেক্ষাপটেই তাঁরা ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটছেন। অন্যদিকে সরকার বলছে, এসব কর্মসূচি মূলত রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, যা জনদুর্ভোগ বাড়াতে পারে। সহিংসতা বা নাশকতার আশঙ্কা দেখা দিলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর আন্দোলনকে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা বলে মনে করছেন সরকারি দলের নেতারা। তাঁরা বলছেন, এটা খুব বড় কোনো ইস্যু নয়। বিরোধীরা এটাকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমন একটি ধারণাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তাদের ধারণা, এটা করা সম্ভব হলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন করা সম্ভব হবে এবং এতে তারা লাভবান হবে। তবে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার চেষ্টা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সরকারি দলের নেতারা।
এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দল থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, দেশে বিরাজমান গণতান্ত্রিক পরিবেশে সবার মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে দাবি আদায়ের নামে যদি নাশকতা বা জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অন্যদিকে বিরোধী আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের পর নেতা-কর্মীদের সক্রিয় রাখতেই বিরোধী দলগুলো এ কর্মসূচি দিচ্ছে। তাঁর ভাষায়, ‘যে ইস্যুতে আন্দোলন করা হচ্ছে, সে বিষয়ে সরকার ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। জুলাই সনদ নিয়ে তাদের আন্দোলন অনেকটা শীতকালে ব্যাঙের ডাকের মতো।’
তবে সরকারের ভেতরেও জুলাই সনদ ইস্যুতে আরও সুস্পষ্ট অবস্থান তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উঠছে। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা মনে করছেন, এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার ঘাটতি থাকায় বিরোধী দলগুলো সুযোগ পাচ্ছে। ফলে সরকারের আন্তরিকতা আরও জোরালোভাবে জনসমক্ষে তুলে ধরা জরুরি।
এদিকে বিরোধীদের কর্মসূচির পাল্টা কৌশল হিসেবে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দিকেও এগোচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন নির্বাচনের উপযোগী তথ্য সংগ্রহ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই এসব প্রতিষ্ঠানে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে