Ajker Patrika

এল নতুন সংগঠন ‘উন্মোচন’, করবে কৃষকের অধিকার ও শিকড়ের সন্ধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এল নতুন সংগঠন ‘উন্মোচন’, করবে কৃষকের অধিকার ও শিকড়ের সন্ধান
ছবি: সংগৃহীত

কৃষকের অধিকার আদায় ও শিকড়ের সন্ধানে আত্মপ্রকাশ করেছে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘উন্মোচন’। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চাষাভূষার বৈশাখ উন্মোচন-১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

উন্মোচনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বর্তমান সংস্কৃতির সঙ্গে কৃষকের বিচ্ছিন্নতাকে তুলে ধরেন। রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা আরিফ সোহেল বলেন, উন্মোচনের আক্ষরিক অর্থ ঢেকে রাখা বিষয়গুলো প্রকাশ করা। উন্মোচনের প্রথম আয়োজন এই স্পিরিটকে সম্মান করে। পয়লা বৈশাখের শহুরে যে প্রতিচ্ছবি আর উদ্‌যাপন, তা এসেছে গ্রামবাংলার জীবন থেকে। কিন্তু যে জনগোষ্ঠীর জীবন থেকে এই উপাদান এসেছে, তাদের নিয়ে চর্চা হয় না। এই জীবনবিচ্ছিন্নতার সংস্কৃতির সমাধানে উন্মোচনের এই আয়োজন সাধুবাদের দাবিদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘শহুরে মধ্যবিত্ত শ্রেণি উৎসবের আমেজ পেলেও আমাদের আদি পরিচয় যে কৃষক, তা আমরা ভুলতে বসেছি। কৃষকদের সমস্যাগুলো আজও সমাধান হয়নি। উন্মোচনের মতো উদ্যোগ প্রমাণ করে আমাদের যুবসমাজ এখনো কৃষকদের কথা ভাবছে।’

অনুষ্ঠানে বাংলাদেশের ভূমি ও কৃষক আন্দোলনের ওপর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিগত ১৭ বছরের শোষণ ও দুর্নীতির চিত্র নিয়ে সাজানো হয় আরেকটি প্রদর্শনী। ‘ছাত্রলীগ হারাবে না, থাকবে লাখ লাখ দোকানদারের বাকির খাতায়’—এই শিরোনামে ফ্যাসিবাদের সময়কালের শোষণের খতিয়ান তুলে ধরে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘সত্যকে নিরপেক্ষভাবে প্রকাশিত করা এবং সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সেই সত্যকে প্রতিষ্ঠা করা উন্মোচনের মূলনীতি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, উন্মোচনের সদস্য মোহাম্মদ মাজেদুর রহমান, তাপসী রাবেয়া, তরিকুল ইসলাম, তানজিনা তাম্মিম হাপসা প্রমুখ। দিনব্যাপী এই আয়োজন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত