
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলোর ডাকা বিক্ষোভ-আন্দোলনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকার এখনো শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন (লক্ষণ) নয়।
‘সারা দেশে জাতীয় নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের’ প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। এ দিন দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভের বিষয়ে সমালোচনা জানান হাফিজ উদ্দিন আহমদ। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এই আলোচনা সভার আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে, নতুন সরকার এখনো শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন (লক্ষণ) নয়। অপেক্ষা করতে হবে। এ সময় তিনি দেশের মানুষের কথা চিন্তা করে বিরোধী দলের কর্মসূচি দেওয়া উচিত বলে জানান।
নতুন সংসদে বিরোধী দলের নেতাদের ভূমিকা কেমন হবে—এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে। জনগণকে বিপদে ফেলবে না, কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে কষ্ট দেবে না।
হাফিজ উদ্দিন আরও বলেন, ‘তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গেছেন। এই আচরণ বাংলাদেশে একেবারে নতুন। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটি সুবাতাস বয়ে নিয়ে এসেছে। আমরা বিরোধী দলের সঙ্গে ভালো সম্পর্ক আশা করি।’
নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে একটা ছোট মন্ত্রিসভা হবে বলে শুনেছি। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন, অবদান রেখেছেন, নিশ্চয়ই তাঁরা এই মন্ত্রিসভায় স্থান পাবেন।’
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘জোটের সদস্য কয়েকজন মন্ত্রিসভায় থাকবেন। নবীন ও প্রবীণদের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। আশা করি, যাদের দুর্নীতির বদনাম নেই, যাদের দক্ষতা ও জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে কখনো আপস করবে না, তাদের এই মন্ত্রিসভায় রাখা হবে।’
জেনারেল (অব.) এম এ জি ওসমানী প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, জেনারেল এম এ জি ওসমানীর যে মর্যাদা ও সম্মান স্বাধীন দেশে পাওয়া উচিত ছিল, তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন।
হাফিজ উদ্দিন আরও বলেন, বাঙালির মধ্যে দলাদলির প্রবণতা নতুন কিছু নয়—সামরিক বা বেসামরিক, সব ক্ষেত্রেই এর উপস্থিতি দেখা যায়। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এমন বিভাজন ছিল না। এর বড় কারণ ছিলেন কর্নেল (পরবর্তীকালে জেনারেল) আতাউল গণি ওসমানী।
সভায় রাওয়ার সদস্য এয়ার কমোডর (অব.) মো. শফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে অবদানের জন্য জেনারেল এম এ জি ওসমানীকে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ খেতাব দিতে নতুন সরকারের কাছে দাবি জানান। অন্যরাও তাঁর এ বক্তব্যকে সমর্থন জানান। পরে হাফিজ উদ্দিন আহমদ এ দাবির বিষয়ে সহযোগিতা করার অঙ্গীকার করেন।
সভায় রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক স্বাগত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নওরোজ খুরশিদ সূচনা বক্তব্য দেন। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ জি মাহমুদ, মেজর (অব.) জামিল ডি আহসান ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৭ ঘণ্টা আগে