
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। বামপন্থী দলগুলোর এই দুই জোট বলছে, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা কেন দিতে হবে, অন্তর্বর্তী সরকার তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলা হয়।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পর্কিত চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল আজ খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির বাধা কাটল।
এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। বন্দরের আশপাশে নৌবাহিনীর ঘাঁটি, তেল শোধনাগার ও বিমানবন্দর থাকায় এই টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে গেলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক প্রতিষ্ঠান। এই টার্মিনালের মাধ্যমেই দেশের সর্বাধিক কন্টেইনার হ্যান্ডলিং হয়। প্রয়োজনের তুলনায় এখানে পর্যাপ্ত গ্যান্ট্রি ক্রেন রয়েছে। নিজেদের অর্থায়নেই এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং প্রতিবছর এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হচ্ছে। তারপরও কেন এটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দিতে হবে—সরকার তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি রয়েছে জানিয়ে সমাবেশে নেতারা বলেন, এই কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর, রিফুয়েলিং ও মেরামতের সুযোগ তৈরি হবে। এতে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা নজরদারি এই অঞ্চলে প্রতিষ্ঠিত হতে পারে।
জোটের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিগত সরকার ভারতের স্বার্থে দেশ পরিচালনা করলেও বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে গম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। এরই মধ্যে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল ডেনমার্ক ও সুইজারল্যান্ডের কোম্পানির কাছে গোপনে ইজারা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক দিন আগে নিউমুরিং টার্মিনাল ইজারা ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ দেশকে ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে ঠেলে দেবে।
এ সময় সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা ডা. জয়দ্বীপ ভট্টাচার্য প্রমুখ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে