Ajker Patrika

ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, ঢাকা
ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর
আজ মঙ্গলবার বেলা ২টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত এক সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: আজকের পত্রিকা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা অল্প সময় বাকি আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবহনের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

আজ মঙ্গলবার বেলা ২টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় মন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে অপতথ্যের কারণে যাত্রীদের বিভ্রান্তি বাড়ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, এয়ারলাইনসগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে এবং সঠিক ও হালনাগাদ তথ্য দিতে হবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর চালু রাখার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অতিরিক্ত কোনো চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রীদের পরিবহনে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয়, অধস্তন সংস্থা ও বেসরকারি এয়ারলাইনসের প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত