
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর সহযোগী তৌফিকা করিমসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা আদায় করে পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার ডিএমপির ভাটারা থানায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন মো. রাশেদুল কাওসার ভুঞা জীবন ও মো. কামরুজ্জামান। সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে উঠে এসেছে, তাঁরা পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গঠন করে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করে পাচার করেছেন।
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা আদায় করত। অভিযোগসংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তৌফিকা করিমের ল ফার্ম সিরাজুল হক অ্যাসোসিয়েটসের সঙ্গে নামমাত্র আইনি পরামর্শ চুক্তির আড়ালে নিয়মিতভাবে তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতেন।
সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক হওয়ার আগে কেবল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান থেকে চক্রটি মোট ১০ কোটি ৮০ লাখ টাকা আদায় করে। এ ছাড়া তৌফিকা করিমের ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আরও প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিম ও রাশেদুল কাওসারকে ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ দেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। একই সময়ে তিনি ‘লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনার অ্যান্ড পারসন্স’ নামে একটি এনজিও গঠন করেন।
সিআইডির অনুসন্ধানে জানা যায়, ওই এনজিওতে তৌফিকা করিম চেয়ারম্যান, রাশেদুল কাওসার সেক্রেটারি জেনারেল এবং আনিসুল হক নিজে ট্রেজারারের দায়িত্ব পালন করেন। এনজিওটির নামে সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংক শাখায় পরিচালিত হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদার অর্থ আদায় করা হতো। ২০১৫ সালের ১১ মার্চ থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই এনজিওর মাধ্যমে মোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে।
উল্লিখিত তথ্যপ্রমাণের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ৪(২) ধারায় মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
এদিকে অনুসন্ধান চলাকালে তৌফিকা করিমের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২৬টি হিসাব নম্বরে জমা করা ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা অপর সদস্যদের শনাক্ত এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি জানিয়েছে, অর্থ পাচার ও আর্থিক অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কাজ করছে এবং এ ধরনের অপরাধে জড়িত যে কাউকে আইনের আওতায় আনতে তাদের অভিযান ও তদন্ত অব্যাহত থাকবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে