
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। জিডির সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে।
ডিবি পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রক্সি সার্ভার ব্যবহার করে দেশের বাইরে থেকে এই হ্যাকিং করা হয়ে থাকতে পারে। তবে কে বা কোথা থেকে এটি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর ছরওয়ারে আলমকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। ডিভাইসগুলো পরীক্ষা করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ডিবির তদন্তকারী সূত্র বলছে, আটকের আগে ছরওয়ারে আলম পুলিশকে জানিয়েছেন, কয়েক দিন আগে বঙ্গভবনের একজন সিনিয়র কর্মকর্তার নাম ব্যবহার করে তাঁর কাছে একটি ই-মেইল আসে। ই-মেইলটি খুলে তিনি কোনো তথ্য পাননি। পরে সহকর্মীদের পরামর্শে সেটি ডিলিট করে দেন। তবে এর আগে ই-মেইলটির একটি ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠান।
ডিবি পুলিশের ধারণা, এটি একটি ফিশিং ই-মেইল হতে পারে, যার মাধ্যমে তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। তবে এখন পর্যন্ত তাঁর কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, ছরওয়ারে আলম সরাসরি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত নন এবং তাঁর ডিভাইসগুলোতেও এ ধরনের কোনো আলামত মেলেনি। তবে প্রক্সি সার্ভার ব্যবহার করায় হ্যাকিংয়ের উৎস শনাক্ত করা জটিল হয়ে পড়েছে। তবে দেশের বাইরে থেকে এ কাজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনো কিছুই চূড়ান্ত নয়।
জানা গেছে, ছরওয়ারে আলম কুমিল্লার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার এজিপি কলোনির হাসপাতাল জোনের দুই নম্বর ভবনের একটি ফ্ল্যাটে থাকেন। গতকাল রাতে পুলিশের অভিযানের পর তাঁর স্বজনেরা গ্রামে চলে যান। আজ বুধবার সেখানে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
এর আগে, গতকাল বিকেলে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ জানালে বঙ্গভবন থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করে এবং হ্যাকিংয়ের ঘটনায় উদ্বেগ জানায়। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জামায়াতের অভিযোগের ভিত্তিতে জিডি তদন্তের জন্য মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আটক করা হয়। তাঁকে ধরতে গতকাল রাতে রাজারবাগ পুলিশ লাইনসের সরকারি স্থাপনায় অভিযান চালানো হয়।
গত শনিবার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে জামায়াতে ইসলামীর নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, ‘আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তাঁরা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।’
এ পোস্টের প্রতিবাদে বিএনপি তীব্র নিন্দা জানায়। ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে এবং নারীদের একটি দল ঝাড়ুমিছিল করে প্রতিবাদ জানায়। পরে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর শনিবার রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সিরাজুল ইসলাম। সেখানে অভিযোগ করা হয়, জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনেও জামায়াত দাবি করে, কিছু সময়ের মধ্যেই হ্যাক হওয়া অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে