Ajker Patrika

বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ঢাকার কড়াইল বস্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে এই কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষিত হওয়া সেই ভেন্যু পরিবর্তন করে মহাখালীর কড়াইল বস্তিতে নিয়ে আসা হয়েছ বলে জানান মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বগুড়া সদর আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে প্রধানমন্ত্রী গেলে আচরণবিধি লঙ্ঘন হবে। তাই ঢাকায় কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ১০ মার্চ সকালে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন হবে। সারা বাংলাদেশের আর ১৪টি স্থানে এটা পাইলটিং করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ এলাকায় কার্ড উদ্বোধন করবেন। উচ্চবিত্ত আর মধ্যবিত্ত কোনো সুবিধা পাবে না। কিন্তু তাঁরা কার্ড পাবে।

কতজন সুবিধাভোগীতে এই কার্ডের আওতাভুক্ত করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কাজ চলমান। সংখ্যাটা সময়ে সময়ে বাড়বে কমবে। কড়াইল বস্তি এবং সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, এখানে ৪৪ হাজার হাউজহোল্ডার রয়েছে। সরকারি কর্মকর্তারা মাঠের তথ্য সংগ্রহ করে এন্ট্রি দিচ্ছেন। মূল পরিকল্পনার চেয়েও ছয়গুণ বেশি কার্ড লাগছে। অন্য একটা উপজেলায় হয় তো ৭০০ থেকে এক হাজার এর মতো হাউজহোল্ডার আছে। চট্টগ্রামের পতেঙ্গায় ১৫ হাজারেরও বেশি, খুলনার খালিশপুরে ৬০ হাজারের বেশি হাউজহোল্ডার রয়েছ। আবার ভোলার চরফ্যাশনে সাড়ে ৭০০, বান্দরবানের লামাতে সাড়ে ৫০০ হাউজহোল্ডার রয়েছ। তাই সঠিক সংখ্যাটা আরও পরে বলতে পারব।’

ফ্যামিলি কার্ডের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ফ্যামিলি কার্ড হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা পাবেন। এই কার্ডের মাধ্যমে নারী যেমন ক্ষমতায়িত হবেন তেমনি মা তাঁর বাচ্চাদের পড়াশোনা, পুষ্টির জন্য সেই অর্থ ব্যয় করতে পারবেন। এই সুবিধা চলমান প্রক্রিয়া। নিম্নবিত্ত এক সময় মধ্যবিত্ত হবে আবার একজন উচ্চবিত্ত হয়তো নিম্নবিত্ত হয়ে যেতে পারে। সুতরাং এই কার্ডের উপকারভোগী হয়তো একদিন কমবে বা পরিবর্তন হবে। মানুষের আর্থিক সচ্ছলতা বাড়লে তাহলে কার্ডের সুবিধাভোগীর সংখ্যা আস্তে আস্তে কমবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত