
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
আজ সোমবার জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী জানান, উল্লেখিত যানবাহনগুলোকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার রোডে চলাচলে বাধ্য করতে এ ধরনের মোটরযানের নিবন্ধন বাধ্যতামূলক, মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা, কঠোর রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনসম্বলিত থ্রি-হুইলার এবং সমজাতীয় মোটরযান চলাচল নীতিমালা প্রণয়ন কার্যক্রম চলমান আছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেনি এরূপ কোনো মোটরসাইকেল মালিক প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করলে বিআরটিএ কর্তৃক সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, এমআরটি লাইন-২ এর রুট এলাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত রুট এলাইনমেন্ট হল—গাবতলী-ঢাকা উদ্যান-বসিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড-জিগাতলা-সাইন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-লালবাগ-চকবাজার-মিটফোর্ড-নয়াবাজার-ধোলাইখাল-দয়াগঞ্জ-কাজলা-ডেমরা-সাইনবোর্ড-ভূইঘর-জালকুড়ি-শিবুমার্কেট-নারায়ণগঞ্জ। প্রস্তাবিত রুটের দৈর্ঘ্য ৩০ দশমিক ৪০ কিলোমিটার। এই রুট এলাইনমেন্ট বিবেচনা করে উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধানের জন্য পিডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। পরিকল্পনা কমিশন হতে নীতিগত অনুমোদন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হতে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত প্রাপ্তির পর সম্ভাব্যতা যাচাই করা হবে।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈদেশিক অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারা দেশে বর্তমানে টোল আদায়ের আওতাভুক্ত ৬৭টি সেতু রয়েছে। টোল আদায় রাজস্ব আয়ের উৎস। সরকার চাইলে যে কোনো সেতুর টোল আদায় বন্ধ বা চালু করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে ৯টি সেতুর টোল আদায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে ২টি সেতু টোল আদায় চালু করা হয়েছে। আরও ৭টি সেতু টোল আদায় এখনো বন্ধ আছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, ২য় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি। সেতু কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে ২০৩৩ সালের মধ্যে বর্ণিত সেতুটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। তাদের সঙ্গে দর–কষাকষির কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা হতে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ বা গাইবান্ধার বালাসী ঘাট হতে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত যমুনা নদীর উপড়ে সেতু নির্মাণের বিষয়ে সমীক্ষার ভিত্তিতে উপযুক্ত স্থানে সেতু নির্মাণ করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও ছাদ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ এ ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে গত ৯ ডিসেম্বর নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ এর ওপেক্স মডেল অনুসরণ করা হচ্ছে। এ মডেল অনুযায়ী, বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ আহ্বান করা হবে। প্রথম পর্যায়ে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনের খালি ছাদে এবং ঢাকায় অফিস ভবনের ছাদে সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ের অনলাইনের টিকিটের জন্য স্বল্প সময়ের মধ্যে অতিরিক্ত সংখ্যক পাসওয়ার্ড রিসেট অনুরোধ বা বারবার ক্রেডেনশিয়াল পরিবর্তনের চেষ্টা করা হলে উক্ত কার্যক্রমকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। বিগত তিন মাসে সাত হাজার ৮১০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চে ৪ হাজার ৩৩৪টি, এপ্রিলে ৪১৩ এবং মে মাসে তিন হাজার ৬৩টি।
তিনি বলেন, ‘সহজ-সিনেসিস-ভিনসেন’ এর সঙ্গে রেলওয়ের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের ২৪ মার্চ শেষ হবে। গোয়েন্দা সংস্থার নিকট হতে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া সাপেক্ষে চুক্তিপত্রের শর্তানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলপথমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি সাপেক্ষে নিজস্ব ব্যবস্থাপনায় শতভাগ সার্ভার তৈরির বিষয়টি বিবেচনাধীন আছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, সরকারের রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের মাস্টারপ্ল্যান (২০১৬-২০৪৫) অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সেকশনগুলোকে পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে একযোগে দেশের সকল লাইন ডাবল করা অর্থনৈতিক ও কারিগরি দিক হতে বাস্তবসম্মত না হওয়ায়, ট্রাফিকের ঘনত্ব এবং বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে ডাবল লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে।
সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ বর্তমানে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। দেশের জেলা মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়কসমূহের যেসব নির্দিষ্ট জায়গায় বারবার দুর্ঘটনা ঘটে, সেই ঝুঁকিপূর্ণ বাঁক বা স্থানগুলোকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সেসব স্থানে দ্রুত সংস্কার কাজ পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় সাইন-সিগন্যাল স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং এবং রাম্বল স্ট্রিপ বা গতিরোধক রেখা স্থাপন করার কাজও পুরোদমে চলমান রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
৩২ মিনিট আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
৪৪ মিনিট আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১ ঘণ্টা আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
১ ঘণ্টা আগে