আগামী সংসদ নির্বাচন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশ অধিদপ্তরকে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলেছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিনটি নির্বাচনই বিতর্কিত। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫ লাখের বেশি ব্যক্তি ভোট গ্রহণের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, কোস্ট গার্ড, নির্বাহী হাকিম, বিচারিক হাকিম রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ কমিটির ওই বৈঠকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়। বৈঠকে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা; মাঠপর্যায়ে ডিসি, পুলিশ সুপার (এসপি), ইউএনও এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা; নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নেওয়া; নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে জন্য নজরদারি জোরদার করা; নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার থেকে সতর্ক থাকা; নির্বাচন-পূর্ব এবং নির্বাচনকালীন সব সংস্থাকে নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবিলা করা।
সূত্র আরও জানায়, কমিটির এসব সিদ্ধান্ত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। ইসিতে পাঠানো চিঠিতে আগামী ৩ আগস্টের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে।
এই চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠি এখনো দেখিনি। দেখে বলতে পারব।’
এদিকে বিতর্কিত ওই তিনটি নির্বাচন নিয়ে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সূত্র জানায়, ৩ জুলাই পিবিআই ওই তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসির কাছে। এর ভিত্তিতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সব ডিসিকে চিঠি দিয়েছে ইসি। চিঠিতে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তাদের নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ আরও কিছু তথ্য চাওয়া হয়েছে।
দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। মামলায় সাবেক তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং তাঁদের নেতৃত্বাধীন তিন কমিশনের সব নির্বাচন কমিশনারের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর সাবেক দুই সিইসি নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বর্তমানে কারাগারে।
ওই তিন নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ জন সাবেক ডিসিকে গত ২০ ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে