
নির্বাচনে কারচুপির অভিযোগে ৯টি আসনে পুনরায় ভোট গণনার দাবি তুলেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। রাজশাহী, রংপুর, কুমিল্লা, লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও গাইবান্ধা থেকে এমন দাবি উঠেছে।
রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে বিএনপির পরাজিত দুই প্রার্থী ভোট পুনরায় গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। রাজশাহী-১ আসনের শরীফ উদ্দীন গত শুক্রবার রাতে এবং রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান গতকাল শনিবার এই আবেদন করেন। ডিএমডি জিয়াউর রহমানের দাবি, প্রিসাইডিং কর্মকর্তাকে বের করে দিয়ে মনগড়াভাবে ফল তৈরি এবং প্রকাশ করা হয়েছে। প্রায় ৮ হাজার ভোট বাতিল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শরীফ উদ্দীন।
রংপুর-৪ ও রংপুর-৬ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির দুই প্রার্থী। রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা গত শুক্রবার জেলা প্রশাসকের কাছে ভোট পুনর্গণনার আবেদন করেন। অন্যদিকে রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম শুক্রবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করেন। তিনিও ফল স্থগিত ও পুনর্গণনার দাবি জানান।
কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গতকাল বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
দাঁড়িপাল্লার ব্যালট ধানের শীষের ভেতরে দিয়ে বান্ডিল করা হয়েছে, যা চ্যালেঞ্জ করা সত্ত্বেও এজেন্টকে গুনতে দেওয়া হয়নি। এমন অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের জামায়াতের প্রার্থী আইনজীবী ফিরোজ হায়দার লাভলু। আদিতমারী উপজেলার গিলাবাড়ি গ্রামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। লাভলু বলেন, ‘আমরা ভোট পুনর্গণনার জন্য শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি। দ্রুত ব্যবস্থা না নিলে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাব।’
একই দাবিতে শুক্রবার রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাট-১ আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। তিনিও ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের ফল পাল্টে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দল সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো কোনো কেন্দ্রে দেয়াল ঘড়ির এজেন্টদের ঢুকতে বাধা প্রদান, ফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের বাইরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাইরে রেখে ভোট গণনা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা, রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। ফলে পুনরায় ভোট গণনা করতে হবে। অন্যথায় আইনি লড়াইয়ের বিকল্প থাকবে না।
ভোটকেন্দ্রে দখল করে ব্যালটে সিল মারার প্রতিবাদ এবং পাঁচটি কেন্দ্রের ফল স্থগিত ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুর রহিম সরকার। গতকাল দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। একটি কেন্দ্রে ১ হাজার ৮০০ ভোটের জায়গায় ২ হাজার ৮০০ ভোট কাস্ট দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং রংপুর, কুমিল্লা, লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধি)

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে