
লেখক, গবেষক, মার্ক্সবাদী তাত্ত্বিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা শোকবার্তায় বলা হয়, ১৯৩১ সালে জন্মগ্রহণ করা বদরুদ্দীন উমরের পিতা মরহুম আবুল হাশিম ছিলেন এই জনপদের মানুষের ঐতিহাসিক মুক্তি-সংগ্রামের একজন প্রবাদপুরুষ। খুনি হাসিনার শাসনামলে বাংলাদেশে ফ্যাসিবাদের বয়ান উৎপাদক ও সমর্থক মূলধারার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের বিপরীতে বদরুদ্দীন উমর ছিলেন গণমানুষের পক্ষের চিন্তক ও রাজনৈতিক শক্তি।
বার্তায় বদরুদ্দীন উমর সম্পর্কে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারির ডামি নির্বাচনের আগেই তিনি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে তাড়ানোর কথা বলেছিলেন। জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ার সময় এই গণ-আন্দোলনকে তিনি ‘গণ-অভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করেছিলেন এবং আগের অভ্যুত্থানসমূহের তুলনায় এটির ব্যাপকতা স্বীকার করেছিলেন। এ ছাড়া বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে তিনি ১৯৭২ সালেই ‘চিরস্থায়ী জরুরি অবস্থার সংবিধান’ হিসেবে অভিহিত করেছিলেন। একজন গবেষক ও লেখক হিসেবে তিনি তাঁর লেখায় বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক ইতিহাস তুলে ধরতেন।
এনসিপির শোকবার্তায় বলা হয়, ‘বাংলাদেশের জনগণের মুক্তি-সংগ্রামের ইতিহাসের মুজিববাদী পাঠের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন বদরুদ্দীন উমর। নতুন বাংলাদেশে একাত্তরের জনযুদ্ধের প্রকৃত ও গণমানুষের ইতিহাসের তালাশ এবং পুনঃপাঠে তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হবেন।
‘তাঁর মৃত্যুতে আমরা এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছি। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’
আজ সকাল ১০টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বদরুদ্দীন উমর শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
বদরুদ্দীন উমর তাঁর পেশাজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি দল প্রতিষ্ঠা করে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বদরুদ্দীন উমর।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
১৭ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে