
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে সংসদে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব এনেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। আজ বুধবার তাঁর প্রস্তাবটি আলোচনার জন্য গ্রহণ করেন এবং ৫ এপ্রিল আলোচনার জন্য দুই ঘণ্টা সময় ধার্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রস্তাবটি গ্রহণ করার কথা জানিয়ে সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (৩০ মার্চ) স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন। সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি সংসদ।
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আলোচনার জন্য গত রোববার (২৯ মার্চ) মুলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এটি নিয়ে গতকাল মঙ্গলবার সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে এ বিষয়ে প্রতিকার না পাওয়া ও প্রস্তাবটি চাপা দিতে আরেকটি মুলতবি প্রস্তাব আনার প্রতিবাদে আজ বুধবার মাগরিবের বিরতির আগে ওয়াকআউট করে বিরোধী দল।
মাগরিবের বিরতির পরে জাতীয় সংসদ অধিবেশনে নতুন মুলতবি প্রস্তাবটি উত্থাপন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল এই ‘‘জুলাই জাতীয় সনদ’’। এটি আমাদের ভবিষ্যতের পথরেখা। আমি কার্যপ্রণালি বিধির ৬২ বিধি অনুযায়ী একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। এই সনদ মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইনকানুন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। ‘‘জুলাই জাতীয় সনদ ২০২৫’’-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি কী হবে, সে বিষয়ে বর্তমান সংসদের কার্যক্রম মুলতবি রেখে বিস্তারিত আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। আমি এই প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি।’
পরে প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য, আপনার উত্থাপিত মুলতবি প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যপ্রণালি বিধির ৬৫(২) ধারা অনুযায়ী আমি এটি আলোচনার অনুমতি দিচ্ছি। সংসদের বর্তমান কাজের অবস্থা বিবেচনা করে আগামী ৫ এপ্রিল ২০২৬, রোজ রোববার দিনের সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবের ওপর অনধিক দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হলো।’

খুলনার দৌলতপুর ডিপো থেকে রাজশাহী ও নাটোর রেলওয়ের প্রধান ডিপোতে দেড় মাস ধরে ডিজেল সরবরাহ বন্ধ। এই কারণে উত্তরাঞ্চলের চার কৃষিনির্ভর জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
২১ মিনিট আগে
সাত দিনে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে।
২ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরুর কথা জানিয়েছে সরকার। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই রোগের উপসর্গ নিয়ে চলতি বছরে ২ হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫০টির বেশি শিশুর।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ইতিমধ্যে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে...
৫ ঘণ্টা আগে