
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সর্বশেষ মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশ একধাপ এগিয়েছে। তালিকায় ১৯৩টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৩০তম স্থানে রয়েছে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার ‘এ ম্যাটার অব চয়েস: পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শিরোনামে ইউএনডিপির এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে। ২০২২ সালে দেশের অবস্থান ছিল ১৩১তম।
২০২২ সালে বাংলাদেশের এইচডিআই মান ছিল শূন্য দশমিক ৬৮০, যা ২০২৩ সালে সামান্য বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ৬৮৫ হয়েছে।
সূচক অনুযায়ী, বাংলাদেশ এখনো মধ্যম মানব উন্নয়ন শ্রেণিতে রয়েছে। তবে, উচ্চ মানব উন্নয়ন স্তরের (যার সূচনা শূন্য দশমিক ৭০০ মান থেকে) কাছাকাছি পৌঁছে গেছে।
দীর্ঘ ও সুস্থ জীবন, জ্ঞান অর্জন এবং সম্মানজনক জীবনযাত্রার মান—এই তিন বিষয়ে উন্নয়নের গড় অর্জন পরিমাপ করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) তৈরি হয়।
১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে গড় বার্ষিক এইচডিআই বৃদ্ধির হার ১ দশমিক ৬৭ শতাংশ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের গড় আয়ু বর্তমানে ৭৪ দশমিক ৭ বছর। এর মধ্যে নারীদের গড় আয়ু ৭৬ দশমিক ৪ বছর এবং পুরুষদের ৭৩ বছর।
ইউএনডিপি বলছে, বাংলাদেশের প্রত্যাশিত শিক্ষা বছর ১২ দশমিক ৩ এবং গড় বছর ৬ দশমিক ৮। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয় ক্ষমতা সাম্যের ভিত্তিতে মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) ৮ হাজার ৪৯৮ ডলার।
প্রতিবেদনে বাংলাদেশের আয় বণ্টনে স্থায়ী বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। দেশের সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশ জনগোষ্ঠীর হাতে জাতীয় আয়ের মাত্র ২০ দশমিক ৪ শতাংশ রয়েছে। অন্যদিকে, ধনী ১০ শতাংশের দখলে রয়েছে ২৭ দশমিক ৪ শতাংশ আয়। এর মধ্যে শীর্ষ ১ শতাংশের অধিকারেই রয়েছে মোট আয়ের ১৬ দশমিক ২ শতাংশ।
এদিকে প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে ভারত—১৩০তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা, অবস্থান ৮৯তম (এইচডিআই মান শূন্য দশমিক ৭৭৬)। অন্যদিকে, নেপাল ১৪৫তম (শূন্য দশমিক ৬২২) এবং পাকিস্তান ১৬৮তম (শূন্য দশমিক ৫৪৪) স্থানে রয়েছে।
এইচডিআই সূচকের শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যার মান শূন্য দশমিক ৯৭২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নরওয়ে ও সুইজারল্যান্ড, উভয়ের মান শূন্য দশমিক ৯৭০। তালিকার একেবারে নিচে রয়েছে দক্ষিণ সুদান, যার স্থান ১৯৩তম এবং মান শূন্য দশমিক ৩৮৮।
প্রতিবেদনে অন্তর্ভুক্ত দেশগুলোকে মানব উন্নয়নের ভিত্তিতে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—খুব উচ্চ, উচ্চ, মধ্যম ও নিম্ন মানব উন্নয়ন। সূচক অনুযায়ী, বাংলাদেশ এখনো মধ্যম মানব উন্নয়ন শ্রেণিতে অবস্থান করছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৪ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৯ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে