বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষে ছড়িয়ে আছে থানচি উপজেলা। এখানে আছে ছোট-বড় অসংখ্য ঝিরি-ঝরনা। পর্যটকদের জন্য আছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অনেক পর্যটনকেন্দ্র। একসঙ্গে এত বিখ্যাত পর্যটন গন্তব্য সম্ভবত পার্বত্য অঞ্চলে আর কোথাও পাওয়া যাবে না। এগুলোর মধ্যে আছে আমিয়াখুম, রাফাখুম, সাত ভাইখুম, বড়পাথর, বংড, ক্রউডং, রেমাক্রি, তমাতুঙ্গি, কুমারী ঝরনা, লাংলোক ঝরনা, তহজিংডং ও সাপাইহাংখুম। তা ছাড়া আছে বগা লেক, কেওক্রাডং, ডিম পাহাড়সহ অসংখ্য পাহাড়।
পর্যটনবান্ধব এ উপজেলায় গড়ে উঠেছে ছোট-বড় শত শত হোটেল-মোটেল ও রেস্টহাউস। এখানে চান্দের গাড়ির সংখ্যা শতাধিক। তা ছাড়া পর্যটক গাইডের সংখ্যা দেড় শতাধিক। প্রকৃতির মতো পর্যটনশিল্পের সঙ্গে জড়িত সবাই অপেক্ষায় আছে আপনার।
কীভাবে যাবেন থানচি
ঢাকা থেকে ট্রেনে, বাসে বা আকাশপথে প্রথমে চট্টগ্রাম। সেখান থেকে সোজা বান্দরবান। বান্দরবান থেকে ৮০ কিলোমিটার দূরে থানচি উপজেলা সদর ও বাজার। বান্দরবান শহর থেকে পাবলিক বাস অথবা জিপ বা চান্দের গাড়িতে করে থানচি যেতে হয়। তবে চান্দের গাড়িতে গেলে পথের সৌন্দর্য উপভোগ করা যায় ভালোভাবে।
থানচির প্রশাসনিক কাজ
শঙ্খ বা সাঙ্গু নদীর তীরে অবস্থিত থানচি উপজেলা সদরের থানচি বাজার। সেখানে পৌঁছানোর পর উপজেলা প্রশাসনের পর্যটক সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত গাইড রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে আপনার ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি, কোথায় ভ্রমণ করবেন এবং ১০০ টাকার দুটি ফরম নিয়ে পূরণ করে দিতে হবে। থানা ও বিজিবি ক্যাম্পে তালিকা রেখে নৌকা নিয়ে বেরিয়ে পড়বেন। তবে বিকেল ৪টার পর আর যাওয়া যাবে না।
থানচি টু রেমাক্রি
থানচি থেকে রেমাক্রি বাজার পর্যন্ত যাওয়ার একমাত্র অবলম্বন সাঙ্গু নদী দিয়ে নৌকায়। আসা-যাওয়ার নৌকা ও গাইড ঠিক করে নেবেন থানচি বাজারের নৌকাচালক সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে। এই পথে পর্যটক গাইড নেওয়া বাধ্যতামূলক। নৌকাচালক সমিতির অফিসে পর্যটকদের নাম, ঠিকানাসহ বিভিন্ন তথ্য সরবরাহ করলেই ভ্রমণের অনুমতি মিলবে। রেমাক্রি থেকে নাফাখুম ঝরনা যাওয়ার কোনো পরিবহনব্যবস্থা নেই বলে হেঁটে পাড়ি দিতে হয়। রেমাক্রি পৌঁছার পর থানচি বাজার থেকে সঙ্গে নেওয়া গাইড রেখে নতুন আরেকজন নিতে হবে। দিনে গিয়ে দিনেই নাফাখুম ঝরনা থেকে থানচি ফিরে আসা খুবই কষ্টকর। তাই চাইলে রেমাক্রিতে রাতযাপন করে চারপাশটা ভালোভাবে ঘুরেফিরে দেখে আসতে পারেন। আর যাঁরা দিনে গিয়ে দিনেই ফিরে আসতে চান, তাঁদের ভোর ৬টার মধ্যে থানচি থেকে যাত্রা শুরু করতে হবে। রেমাক্রি বাজার থেকে তিন ঘণ্টার হাঁটা দূরত্বে নাফাখুম ঝরনা।
রেমাক্রিতে স্থানীয় অধিবাসীদের বাড়িতে রান্না ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে ১২০ থেকে ২৫০ টাকায় খাওয়া যায়। থানচি বাজার বা উপজেলা সদর ছাড়া রেমাক্রি তিন্দুর গেস্টহাউসগুলোতে রাতযাপনের জন্য প্রতিজনের ১৫০ টাকা ব্যয় করতে হবে।
সাত ভাইখুম, বেলাখুম, আমিয়াখুম কীভাবে যাবেন
নাফাখুম ঝরনা থেকে তিন ঘণ্টা হেঁটে গেলে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প ও থুইসা খিয়ানপাড়া। এখানে রয়েছে পর্যটকদের জন্য মাচাং ঘরে খাওয়াদাওয়াসহ আবাসিক সুবিধা। এখানে রাত কাটিয়ে পরদিন সাত ভাইখুম, বেলাখুম, আমিয়াখুম, নাফাখুমে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঝরনা দেখতে যাওয়া যাবে। রেমাক্রি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কূল ধরে হেঁটে নাফাখুম ঝরনায় যেতে হয়। এই পথ ধরে নাফাখুম ঝরনার কাছে যেতে বারকয়েক সতর্কভাবে কোমর থেকে বুকপানি পাড়ি দিতে হয়। একের পর এক রোমাঞ্চকর
বাধা পেরিয়ে দেখা মিলবে কাঙ্ক্ষিত সে ঝরনার।
শরৎকাল শেষ হয়ে গেছে। এখন হেমন্তের শুরু। ঝরনার রূপ এখনো কিছুটা দেখা যাবে থানচির বিভিন্ন পাহাড়ে গেলে। পূজার ছুটিতে ঘুরে আসতে পারেন অপরূপ থানচি।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৫ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে