ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে চলেছে শরৎ। কাশফুলের যৌবনেও পড়ছে ভাটা। তারপরেও শরৎ মানেই নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের নিচে খানিক ধূসর কাশফুলের জন্য মন উড়ু উড়ু করবেই।
সেই উড়ু উড়ু ভাব কাটাতে এক পড়ন্ত দুপুরে মোটরসাইকেলে সওয়ার হয়ে ছুটে চললাম ধামরাই উপজেলার কাইজ্জার চর—ঢাকার একেবারে পাশে। সাভারের নামাবাজার ব্রিজ পার হয়ে রূপনগর পৌঁছাতেই শরতের আকাশ ভেঙে বর্ষার মতো ঝুম বৃষ্টি নেমে এল। মানুষের মতো হয়তো প্রকৃতিও তার চরিত্র হারাতে বসেছে! যাহোক, টংদোকানে বাইক থামিয়ে চা-বিস্কুট চলল। বৃষ্টি থামলে রূপনগরের পিচ ঢালা আর বৃক্ষরাজির ছায়াঘেরা সড়কে চলতে চলতে চৌঠাইল মৌজার পুরোনো কড়ইগাছে ঘেরা সরু সড়ক ধরে এগোতে এগোতে একেবারে বিশাল কাশবনের প্রান্তরে!
প্রথম দেখাতেই চুপসে যাওয়া মন হয়ে উঠল প্রাণবন্ত। ছোট্টবেলা দুষ্টুমির কারণে একচোট ধুমসে মার দিয়ে বাবা যখন হাতে ধরিয়ে দিতেন বাটারবান, তখন যেমন অনুভূতি হতো, শরৎ শেষের কাশবন দেখেও একই অনুভূতি হলো। বন্ধুরা একের পর এক ছবি ও ভিডিও তুলেই চলল। এদিকে আকাশের পশ্চিম কোলে সূর্যটা হেলান দিতে শুরু করল। এই বেলা এক দারুণ আলোর খেলা দেখা গেল কাশবনের মাথায়। মনে হলো, পুরো কাশবনে ছড়িয়ে পড়েছে আগুন। সোনারোদে কাশফুলের নরম ছোঁয়া দেহ-মনে ঝিলিক মেরে গেল।
এই আগুন ঝরানো গোধূলি, শুভ্র কাশফুলের বন, পরিষ্কার আকাশ—সবকিছু মিলিয়ে এখন এক অপার্থিব পরিবেশ এখানে। পাশেই বয়ে চলা ধলেশ্বরী নদী। বাংলা আশ্বিন মাস। শহরগুলোর বাইরে আবহাওয়া খানিকটা অন্য রকম। হেমন্তের টান ধরেছে। খানিক হিমের ছোঁয়া আছে সন্ধ্যার বাতাসে। বাকি কয়েকটা দিন পুরোটাই থাকবে কাশফুলের সমাহার। তবে তার রোঁয়া হয়ে যাবে আরও ধূসর। তারপর বাতাসে সেগুলো উড়তে শুরু করলে শরৎই হয়ে যাবে শেষ। আসবে হেমন্ত। ধানের দিন।
কাশফুলের আরেকটা প্রজাতির নাম কুশ। কাশফুলের আদি নিবাস আমাদের এই ভারতীয় উপমহাদেশ। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানেও কাশফুল দেখা যায়। এ শুধু দেখার বিষয়ই নয়, এর আছে ঔষধি গুণ। শরীরের দুর্গন্ধ, পিত্তথলির পাথরসহ বিভিন্ন রোগ নিরাময়ে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এর মূল। সব মিলিয়ে কাশফুল প্রকৃতির অপরূপ এক উপহার। তাই শরৎ ফুরিয়ে যাওয়ার আগেই কাছাকাছি থাকা কাশফুলের রাজ্য থেকে ঘুরে আসুন। ঢাকার পাশে ধামরাই ছাড়াও কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় কাশফুলের সাম্রাজ্য রয়েছে, থাকবে শরৎজুড়ে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে