ভারতে ৫ জুন মুক্তি পেয়েছে পূজা হেগড়ে অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ চলচ্চিত্রটি। তার আগেই সিনেমাটির ‘চুনারি চুনারি’ গানটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। মিষ্টি মেয়ে পূজার রূপ নিয়ে দ্বিতীয় কোনো কথা বলার উপায় নেই। সবারই চোখ ধাঁধিয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া নানান সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, সৌন্দর্যচর্চার বিষয়ে মানুষ তাঁর কাছ থেকে যা যা শুনতে চায়, সেগুলোর বিশেষ কোনোটিই তিনি করেন না; বরং রূপচর্চার ব্যাপারে নিজেকে খানিকটা অলস বলতেই বেশি সহজ মনে হয় তাঁর।
বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত থাকলেও রূপচর্চার ব্যাপারে ঘরোয়া ফেসপ্যাকেই ভরসা রাখেন পূজা। পারলারে ঘণ্টার পর ঘণ্টা না কাটিয়ে এই অভিনেত্রী ঘরে তৈরি ফেসপ্যাক মেখে আরাম করতে এবং ত্বককে শ্বাস নিতে দিতে পছন্দ করেন।
পূজা জানান, তাঁর সুন্দর ত্বকের প্রধান কারণ, ভালো জিন। পাশাপাশি তিনি সৌন্দর্যচর্চার একটি সহজ রুটিন আয়ত্ত করেছেন। এটি খুব বেশি চেষ্টা ছাড়াই তাঁর ত্বক স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। আর এসব টোটকা তিনি লুকিয়ে রাখার পরিবর্তে সবাইকে জানাতে বেশি ভালোবাসেন।
কখনোই মেকআপ না তুলে ঘুমান না
এটি খুবই সাধারণ বিষয়। কিন্তু মেকআপ না তুলে ঘুমানোর নেতিবাচক প্রভাব সম্পর্কে অনেকে সচেতন নন। পূজা হেগড়ে দাবি করেন, এটি ত্বক পরিচর্যার এমন একটি ধাপ, যা তিনি কখনোই বাদ দেন না। একটি পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার যতই ঘুম পাক না কেন, আমি মেকআপ তুলে তারপরই শুতে যাই।’ তিনি মনে করেন, ঘুমানোর সময় মেকআপ না তোলার ফলে ত্বক অকালবার্ধক্যের সমস্যায় ভোগে।

নারকেল তেলই সেরা
পূজা হেগড়ে নারকেল তেলের গুণ বিশ্বাস করেন। তাঁর পরিবারে বংশানুক্রমে চলে আসা ত্বকের যত্নের একটি টিপস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, নারকেল তেল বহু যুগ ধরে তাঁদের ত্বকযত্নের রুটিনের একটি অপরিহার্য অংশ। তিনি বলেন, ‘মনে হয় আমার ভেতরের দক্ষিণ ভারতীয় সত্তা বলবে, মাথার ত্বকে নারকেল তেলের সুন্দর একটি ম্যাসাজের মতো আর কিছুই নেই। এটি সত্যিই পুষ্টিকর এবং এটি এমন কিছু, যা আপনার মাথার ত্বকের সত্যিই প্রয়োজন।’ তা ছাড়া ত্বক সুন্দর রাখতে এই অভিনেত্রী প্রতিদিন সকালে এক চামচ নারকেল তেল খান। তাঁর ভাষ্য, ‘আমার মনে হয়, নারকেল তেল জাদুকরি। আমি এর একনিষ্ঠ সমর্থক।’
ঘরে তৈরি উপাদানের উপকারিতা
এই অভিনেত্রী তাঁর ত্বক ঠিক রাখতে ঘরে তৈরি উপাদানের ওপর নির্ভর করেন। তাঁর পছন্দের উপকরণের একটি হলো হলুদ এবং দুধের সর দিয়ে তৈরি একটি ফেস মাস্ক, যা তিনি প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য নিয়মিত ব্যবহার করেন।
প্রাধান্য দেন ময়শ্চারাইজার
একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহারের সুফল অস্বীকারের কোনো উপায় নেই। পূজা হেগড়ে জানান, তাঁর ত্বক শুষ্ক। তাই তিনি নিজের ত্বকের যত্নে ময়শ্চারাইজিংয়ের গুরুত্বের ওপর জোর দেন।
এই অভিনেত্রী জমকালো মেকআপ লুকের পরিবর্তে নিজেকে স্বাভাবিক সাজে দেখতে বেশি পছন্দ করেন। তিনি পরামর্শ দেন, ভারী বেইজ মেকআপের ওপর নির্ভর করার চেয়ে মসৃণ ও উজ্জ্বল ত্বকের দিকে মনোযোগ দেওয়া ভালো। পূজা বলেন, ‘বছরের পর বছর ধরে মনে হয়, নিজের ত্বক নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছি’। তিনি বলেন, ‘এখন মনে করি, কম মেকআপই ভালো এবং এটাই আমার আসল রূপ। এই পুরোটাই ছিল নিজেকে খুঁজে পাওয়ার একটা যাত্রা। যখন অনেক মেকআপ করতাম, তখন অনেকে এসে বলত, ‘‘আরে, পর্দায় আপনাকে যেমন দেখায়, বাস্তবে তার থেকে আপনাকে একদম আলাদা লাগছে।’’ কথাটা মনে গেঁথে গিয়েছিল।’
সেই থেকে একেবারে নিজের মতো হতে চেয়েছিলেন পূজা হেগড়ে। তাই সময়ের সঙ্গে সঙ্গে তিনি এটা মেনে নিয়েছেন যে কম মেকআপেও চলে। তিনি জানান, মুখে যদি একটা তিল বা অন্য কিছু থাকে, তাতেও কোনো সমস্যা নেই; বরং এটাই স্বাভাবিক!
সূত্র: মেনিফেস্ট

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে