
মেষ
আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্টের চূড়ায় থাকবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুপারম্যান বা ওয়ান্ডার ওম্যান মনে হতে পারে। তবে মনে রাখবেন, আপনি উড়তে পারেন না। বসের সামনে হিরোগিরি দেখাতে গিয়ে বেতন কাটা নামক ভিলেনের পাল্লায় পড়তে পারেন। প্রেমিকার সঙ্গে তর্কে যাবেন না। কারণ, মঙ্গল আজ তার ওপর সওয়ার হয়ে আছে—একদম ফুটন্ত কড়াইয়ের মতো অবস্থা। মানিব্যাগে টাকা না থাকলেও হাতে ধরে রাখুন, আত্মবিশ্বাস বাড়বে।
বৃষ
আপনার রাশি আজ ভোজনরসিক মোডে আছে। গ্রহরা বলছে আপনার হজমশক্তি আজ কুম্ভকর্ণের মতো শক্তিশালী। সারা দিন শুধু কী খাব? আর কখন খাব? এই চিন্তাই ঘুরবে। রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের দাওয়াত দেওয়ার আগে পকেট চেক করুন। আপনার পকেট আজ লাজুক প্রকৃতির—বেশি মানুষের সামনে মুখ খুলতে চাইছে না। টাকা বাঁচানোর জন্য পকেটে হাত দিয়ে পকেট নেই এমন ভান করতে পারেন। বড় চামচ সঙ্গে রাখুন যাতে বেশি করে খাওয়া যায়।
মিথুন
ফোনের স্ক্রিন আর আপনার চোখ আজ আঠার মতো লেগে থাকবে। ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে দিনটা কখন যে ফুড়ুৎ করে উড়ে যাবে, বুঝতেই পারবেন না। বাথরুমে ফোন নিয়ে ঢোকার সময় সাবধান! ফোনটি বালতির পানিতে বা কমোডে ডুবসাঁতার কাটতে পারে। গালগল্প করার সময় নিজের সিক্রেট কাউকে বলবেন না। কারণ, আপনার কথা আজ বাতাসের চেয়েও দ্রুত ছড়াবে। চার্জ শেষ হয়ে যাওয়ার বিয়োগান্ত পরিস্থিতি এড়াতে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।
কর্কট
আজ আপনার সেন্টিমেন্টের বাঁধ ভেঙে যেতে পারে। টিভিতে রান্নার অনুষ্ঠানে পেঁয়াজ কাটা দেখলেও আপনার চোখে পানি আসতে পারে। বাড়িতে খাবারে লবণ কম হলে আপনি সেটাকে ব্যক্তিগত অপমান হিসেবে ধরে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারেন। আর্থিক দিক ভালো, কিন্তু পুরোনো পাওনাদারকে দেখলে আজ মৃত মানুষের মতো ভান করা বা গলি দিয়ে পালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। চোখের পানি বা নাকের পানি মোছার জন্য সঙ্গে টিস্যু পেপার রাখুন।
সিংহ
আজ নিজেকে বনের রাজা বা রানি ভাববেন। রাজকীয় মেজাজে থাকবেন, কিন্তু সমস্যা হলো প্রজাদের দেখা নেই। একমাত্র বাড়ির কাজের লোক বা পোষা বিড়াল ছাড়া আপনার হুকুম কেউ তামিল করবে না। অনলাইনে দামি গ্যাজেট বা জামাকাপড় দেখার সময় ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা মনে মনে একবার জপ করবেন। ইএমআইয়ের ভূত আপনার ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। চেহারায় একটা গম্ভীর ভাব বজায় রাখতে পকেটে চশমা রাখুন, লোকজন দেখলে পরুন।
কন্যা
আপনার খুঁতখুঁতে স্বভাব আজ চরমে পৌঁছাবে। ঘরের কোণে একটা ধূলিকণা দেখলেও ঝাড়ু নিয়ে রণচণ্ডী মূর্তিতে নেমে পড়বেন। এমনকি পাশের মানুষের নিশ্বাসের আওয়াজও আপনার কাছে অশুদ্ধ মনে হতে পারে। কাউকে বিনা শুল্কে উপদেশ দিতে যাবেন না, লোকে আপনাকে জ্ঞানপাপী উপাধি দিয়ে ব্লক করে দিতে পারে। অফিসের টেবিলে কলমগুলো সোজা করে রাখতেই অর্ধেক দিন কেটে যাবে। শুচিবায়ু ভাব বজায় রাখতে ব্যাগে স্যানিটাইজার রাখুন।
তুলা
আজ জাস্টিস লিগের প্রধানের মতো সবকিছুতে ভারসাম্য খুঁজতে চাইবেন। কিন্তু দুপুরবেলা যে ঘুম আসবে, তার সঙ্গে কাজের ভারসাম্য রাখাটা প্রায় অসম্ভব। রোমান্টিক ডিনারের স্বপ্ন দেখবেন ঠিকই, কিন্তু দিনের শেষে রাস্তার ধারের ঝালমুড়ি আর কাগজের ঠোঙাই হবে আপনার একমাত্র সম্বল। প্রেমিকার আবদার আজ আপনার হৃদ্যন্ত্রের গতি বাড়িয়ে দিতে পারে। মনে মনে ওজন করার জন্য একটা একটি দাঁড়িপাল্লা সঙ্গে রাখুন।
বৃশ্চিক
আজ আপনার ভেতরে শার্লক হোমস জেগে উঠবে। জীবনসঙ্গী ফোনে কার সঙ্গে হাসছে বা কার ডিডিপি দেখছে, তা নিয়ে তদন্ত করতে গিয়ে হয়তো নিজেই ধরা খাবেন। মনে রাখবেন, কৌতূহল কিন্তু আপনার কপালে ঝাঁটার বাড়ি বা বেলন চাকির আঘাত নিয়ে আসতে পারে। শত্রু আজ সামনে এসে দাঁত বের করে হাসবে, কিন্তু মনে মনে আপনার ওজন বাড়ার জন্য মানত করবে। একটি গোয়েন্দাগিরির পূর্ণ তৃপ্তির জন্য সঙ্গে আতশি কাচ রাখুন।
ধনু
ভ্রমণের প্রবল যোগ! তবে সেটা সুইজারল্যান্ড নয়, বাজার থেকে পচা মাছ বা আলু কিনে নিয়ে আসা পর্যন্তই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। আপনার ঠাট্টাগুলো আজ তীরের মতো ধারালো হবে। কৌতুক করার আগে সামনের মানুষটির হাতে ইট বা লাঠি আছে কি না দেখে নিন। আজ আপনার কথা বলার চেয়ে শোনা বেশি প্রয়োজন, যদিও সেটা করবেন না। ট্রাভেল ব্যাগ সঙ্গে রাখুন, যাতে খালি ব্যাগ নিয়ে রাস্তায় ঘুরলেও মনে মানুষ মনে করে আপনি ট্যুরে যাচ্ছেন।
মকর
অর্থলাভের প্রবল সম্ভাবনা! রাস্তায় চলতে চলতে কারও পড়ে যাওয়া দশ টাকার নোট বা ঘরের কোনায় পুরোনো প্যান্টের পকেটে পাঁচ টাকার কয়েন খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে, তবে সেটা সম্ভবত বেশি কাজ চাপানোর একটা কৌশল মাত্র। বড়দের কথা মেনে চলুন। কারণ, তর্ক করলে পকেটমানি বা রাতের জলখাবার বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। একটি মাটির ব্যাংক রাখুন, যদি টাকা জমানো আপনাকে দিয়ে হবে না।
কুম্ভ
আজ আপনি অদ্ভুত সব আবিষ্কারের নেশায় থাকবেন; যেমন গোসলের সময় সাবান কম খরচ করার উপায় কিংবা অফিসের কম্পিউটারে কাজ করার ভান করে কীভাবে ইন্টারনেটে আড্ডা দেওয়া যায়। সমাজসেবা করার কথা ভাববেন, কিন্তু নিজের আলমারি খোলার পর যখন সব জামাকাপড় আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে, তখন বুঝবেন সেবাটা নিজের ঘর থেকেই শুরু করা উচিত ছিল। বাইরের জ্ঞান যাতে শুনতে না হয়, এ জন্য হেডফোন কানে রাখুন।
মীন
আজ কল্পনার জগতে নায়ক বা নায়িকা হয়ে বিচরণ করবেন। স্বপ্নে আপনি লটারি জিতবেন, কিন্তু সকালে অ্যালার্মের আওয়াজে যখন ঘুম ভাঙবে, তখন দেখবেন ছেঁড়া চাদরটাই বর্তমান সত্য। বাসে বা ট্রেনে যাতায়াতের সময় সাবধান, কারও পায়ের চাপে আপনার রূপকথা নিমেষেই ভেঙে চুরমার হতে পারে। কফি খান, আজ আপনাকে দিয়ে বেশি কিছু হবে না। কল্পনার জগৎকে সাপোর্ট দেওয়ার জন্য বালিশ বগলদাবা করে রাখুন।

মাছের নানা রকম পাতুরি তো করেছেন; এবার মুরগির মাংসের পাতুরি করে দেখুন। বাড়ির ছোটরাও অনেক পছন্দ করবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
১ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হুট করে দেখলেন মুখটা বেশ ফুলে আছে। আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা হয়। সাধারণত পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত লবণাক্ত খাবার বা মানসিক চাপের কারণে এমনটি হতে পারে। তবে মুখ ফোলা বা 'ফেসিয়াল এডিমা’ কখনো কখনো বড় কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে।
৯ ঘণ্টা আগে
জীবন মানেই স্ট্রেস বা মানসিক চাপ; যা এড়ানো প্রায় অসম্ভব। কিন্তু দিন শেষে ঘরে ফিরে যদি সেই কাঙ্ক্ষিত প্রশান্তি না পাওয়া যায়, তাহলে জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে যারা খুব বেশি সংবেদনশীল বা ‘হাইলি সেনসিটিভ পারসন’, তাদের জন্য বাইরের কোলাহল সামলে ঘরে একটু স্বস্তি পাওয়া মানসিক স্বাস্থ্যের
১২ ঘণ্টা আগে
মেক্সিকান সালাদের এই রেসিপি যেমন সুস্বাদু, তেমনি এর রঙিন লেয়ারগুলো কাচের জারে দেখতেও অসাধারণ লাগে। মাত্র ৩০ মিনিটে তৈরি করা যায় সালাদটি। ইফতারের মেহমানদারিতে এটি হতে পারে আপনার সেরা পছন্দ।
১৬ ঘণ্টা আগে