
মেষ
সকাল সকাল কর্মসংস্থানের যোগ আছে। তবে সেই কাজটা বিছানা গোছানো নাকি বড় কোনো চাকরি, সেটা নক্ষত্ররা স্পষ্ট করেনি। অভিনেতাদের জন্য দিনটি ভালো। কারণ, আজ বাস্তব জীবনেও আপনাকে বেশ অভিনয় করে কাটাতে হবে (বিশেষ করে অফিসের বসের সামনে)। অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে বাসের পাদানিতে ঝুলবেন না, মহাকর্ষ সূত্র আপনার রাশির ওপর আজ একটু বেশিই বিরূপ।
বৃষ
আজ আপনার সম্পদ ১/৫! মানে হলো, পকেটে যা আছে তা দিয়ে বড়জোর এক বেলা চা-বিস্কুট হবে। বন্ধুদের সাহায্য নিতে হতে পারে, কিন্তু মনে রাখবেন, বন্ধুরা সাহায্য করার চেয়ে আপনার বর্তমান অবস্থা নিয়ে ট্রল করতেই বেশি উৎসাহী থাকবে। নারীরা সাবধানে চলাফেরা করুন, বিশেষ করে পিচ্ছিল মেঝে আর শপিং মলের ‘৫০% ডিসকাউন্ট’ থেকে দূরে থাকুন। আপনার শুভ সংখ্যা ৭৯, তবে এটা আপনার বয়স হলে বিমর্ষ হবেন না!
মিথুন
বিলাসবহুল দ্রব্য কেনার প্রবল যোগ রয়েছে। তবে সেটি আইফোন ১৬ হতে পারে, আবার রাস্তার মোড় থেকে কেনা প্লাস্টিকের খেলনাও হতে পারে। রপ্তানি ব্যবসায়ীরা সুখবর পেতে পারেন, হয়তো আপনার পাঠানো ই-মেইলটি শেষ পর্যন্ত কেউ দেখেছে! মনের কথা কাউকে বলতে গিয়ে বিপদে পড়তে পারেন, তার চেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গেই কথা বলুন।
কর্কট
আপনার জন্য সতর্কবার্তা—ব্যবসায় বেহিসাবি খরচ হবে। হয়তো লাঞ্চে কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে পকেট ফাঁকা হবে। ছাত্রদের জন্য দিনটি অনুকূল, তার মানে এই নয় যে বই না পড়লে পরীক্ষায় পাস হবে। স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে সেই সব খাবার থেকে, যা দেখলে লিভার কান্নাকাটি শুরু করে। আজ আপনার শুভ দিক উত্তর। তবে ভুল করেও উত্তর মেরুর দিকে রওনা দেবেন না।
সিংহ
কাউকে খুশি করতে গিয়ে আজ আপনার পকেট গঙ্গা হবে। দানবীর হতে গিয়ে ফকির হওয়ার পথে যাবেন। বন্ধু সাহায্য চাইবে, আর আপনি না করতে পারবেন না। মনে রাখবেন, যাকে আজ সাহায্য করবেন, কাল সে আপনাকে না-ও চিনতে পারে—এটাই সিংহের মহত্ত্ব! অবিবাহিতদের জন্য আজ বিশেষ কারও দেখা পাওয়ার সুযোগ আছে, তবে সেটা মেট্রোরেলে ধাক্কা খাওয়ার মাধ্যমেও হতে পারে।
কন্যা
আজ আপনার ভাগ্যে গাড়ি নিয়ে ভোগান্তি আছে। হয়তো অফিসের ঠিক আগে টায়ার পাংচার হবে অথবা ট্রাফিক পুলিশ আপনার দিকে রোমান্টিক চোখে তাকিয়ে বাঁশি বাজাবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, তবে সেই ব্যক্তি যেন আপনার পাশের বাড়ির আন্টি না হন। আজ আপনার জীবনে ১০টি অদ্ভুত ঘটনা ঘটতে পারে। প্রথমটি হলো—সময়মতো ঘুম থেকে ওঠা!
তুলা
আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা! লটারি না কাটলেও রাস্তায় পড়ে থাকা ১০ টাকার নোট পেতে পারেন। ব্যবসায় সুনাম বাড়বে, তবে সেটা ভালো কাজের জন্য নাকি আপনার অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য, সেটা নিয়ে সন্দেহ আছে। শুভ রং আকাশী নীল। মেঘলা আকাশের কথা ভেবে মন খারাপ করবেন না।
বৃশ্চিক
যতটা খাটবেন, ফল পাবেন তার অর্ধেক। বাকি অর্ধেক হয়তো প্রতিবেশী নিয়ে যাবে। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে অন্তত সাতবার ভাবুন। জীবন আজ আপনাকে লেবু চিপে দেবে, আপনি সেটা দিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেলুন। মনোবল তুঙ্গে রাখুন। কারণ, নিচে নামলে তোলার মতো কেউ নেই।
ধনু
সকালের খরচ নিয়ে বিকেলে অনুতাপ করবেন। সকাল সকাল টাকা খরচ হওয়ার যোগ আছে। হয়তো অনলাইনে ভুল কিছু অর্ডার করে বসবেন। ব্যবসার জন্য দিনটি ভালো, কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি আজ ‘ফ্রেন্ডজোন’ হওয়ার প্রবল ঝুঁকিতে আছেন। স্বাস্থ্য বজায় রাখতে ব্যায়াম করুন, অন্তত রিমোট হাতে সোফায় বসলেও একটু হাত-পা নাড়ান।
মকর
আজ গাড়ি কেনা বা বিক্রির জন্য দারুণ দিন। তবে যাদের সাইকেল আছে, তাঁরা অন্তত হাওয়া ভরে সন্তুষ্ট থাকুন। কর্মক্ষেত্রে ভালো খবর আসতে পারে, যেমন হয়তো লাঞ্চ ব্রেক ১০ মিনিট বাড়ানো হয়েছে। আজ আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন, তবে সেটা যেন শুধু মিষ্টি কথা না হয়।
কুম্ভ
আজ সংসারে অশান্তি ও শেয়ারবাজারে শান্তির যোগ আছে। বাড়িতে আজ ঝগড়া হওয়ার সম্ভাবনা ৯৯%। কারণ হতে পারে বাথরুমে ভেজা তোয়ালে রাখা কিংবা চায়ে চিনি কম হওয়া। তবে শেয়ারবাজারে আপনার কপাল খুলতে পারে। সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন, হয়তো নতুন কোনো রান্নার এক্সপেরিমেন্ট করে বাড়ির লোককে ফিটফাট করে দেবেন। মাথা ঠান্ডা রাখতে কদুর তেল দিন।
মীন
ব্যবসার জন্য দিনটি চমৎকার। নতুন যোগাযোগ আসবে। পরিবারে হাসিখুশি পরিবেশ রাখার চেষ্টা করুন, যদিও আপনার জোকস শুনে কেউ হাসবে না। প্রেমের ক্ষেত্রে দিনটি একটু গম্ভীর, তাই সঙ্গীর সঙ্গে ঝগড়া করার আগে হেলমেট পরে নিন।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে