
বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও দেশটির অন্যতম শীর্ষ বাণিজ্য অংশীদার কানাডার মধ্যে চরম লড়াই চলছে। এ লড়াইয়ের অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম শূকরের মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান স্মিথফিল্ড ফুডস থেকে পণ্য আমদানি স্থগিত করেছে অটোয়া। আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, এই স্থগিতাদেশ আমেরিকার কৃষি খাতের জন্য বেশ বড় ধাক্কা। এরই মধ্যে মার্কিন শুল্কের কারণে শীর্ষ আমদানিকারক দেশগুলোর পাল্টা প্রতিক্রিয়ায় কৃষি পণ্যের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় অস্থির অবস্থায় রয়েছে মার্কিন কৃষি খাত।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) বলেছে, এই স্থগিতাদেশ স্ট্যান্ডার্ড প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে সাম্প্রতিক বাণিজ্য কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়।
ইউএসডিএ বা স্মিথফিল্ড কানাডার এই আকস্মিক সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। ইউএসডিএ বলেছে, ‘কানাডার নীতির অধীনে, ছয় মাসের মধ্যে তিনটি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে সাময়িক স্থগিতাদেশ কার্যকর হয়।’
এই কারখানা থেকে চালান বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন শূকরজাত পণ্যের জন্য বাজার সীমিত হয়ে গেছে। ইউএসডিএ জানায়, তারা এই সমস্যা সমাধানে স্মিথফিল্ডের সঙ্গে কাজ করছে। একটি সংশোধনী পরিকল্পনা তৈরি করে কানাডার সামনে উপস্থাপন করা হবে। সেটি পর্যালোচনা করে কানাডা কারখানাটি থেকে আমদানি পুনর্বিবেচনা করতে পারে।
ইউএসডিএর ওয়েবসাইট থেকে জানা যায়, গত বৃহস্পতিবার কানাডা এই স্থগিতাদেশ কার্যকর করেছে।
স্মিথফিল্ডের মুখপাত্র জিম মনরো বলেন, ‘সমস্যাটি মূলত ওফালের একটি চালান নিয়ে হয়েছে।’ ওফাল বলতে কোনো প্রাণীর হৃৎপিণ্ড, লিভার ও কিডনিসহ খাওয়ার যোগ্য অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বোঝায়।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গত বছর কানাডা মার্কিন শূকরের পঞ্চম বৃহত্তম রপ্তানি বাজার ছিল। যদিও চালান কিছুটা কমেছিল, তবুও প্রায় ৮৫০ মিলিয়ন ডলার মূল্যে শূকরজাত পণ্য ছিল।
মার্কিন মাংস রপ্তানি ফেডারেশনের মুখপাত্র জো শুয়েলে বলেন, কানাডার স্থানীয় বাজারে ও রেস্তোরাঁগুলোতে মার্কিন শূকরজাত পণ্যের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শূকরের মাংস প্রক্রিয়াজাতকারী স্মিথফিল্ডের এই প্ল্যান্টটি নর্থ ক্যারোলাইনার টার হিলে অবস্থিত। শূকরের মাংস রপ্তানি বন্ধ হলেও স্মিথফিল্ডের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। এক দশকেরও বেশি সময় পর গত জানুয়ারিতে পুনরায় মার্কিন স্টক এক্সচেঞ্জে ফিরেছিল এই প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তির অধীনে কানাডা ও মেক্সিকোর পণ্যগুলোকে আবারও এক মাসের জন্য ২৫ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে