
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে তিন আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছিল। এতে অন্তত তিন নিরাপত্তাকর্মীসহ ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গণমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ সোমবার ভোরে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরের প্রধান ফটকে প্রথম হামলাকারী নিজের বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। অন্য দুই হামলাকারী ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা তাদের গুলি করে হত্যা করেন।
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার মিয়া সাঈদ আহমদ ডনকে বলেন, ‘শুরুতে তিনজন অস্ত্রধারী সদর দপ্তরে ঢোকার চেষ্টা করে। একজন গেটে নিজেকে উড়িয়ে দেয়, আর দুজন ভেতরে প্রবেশ করতে চাইলে এফসি সদস্যরা গুলি চালিয়ে তাদের ঠেকায়।’
দুনিয়া নিউজ সাঈদের উদ্ধৃতি দিয়ে জানায়, গেটে অবস্থানরত তিন এফসি সদস্য বিস্ফোরণে নিহত হন। পেশোয়ার পুলিশপ্রধান সাঈদ আহমদ বলেন, হামলার সময় সদর দপ্তরের ভেতরের খোলা মাঠে সকালের কুচকাওয়াজের প্রস্তুতিতে অনেক নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আজকের হামলাকারীরা পায়ে হেঁটে এসেছিল। তারা কুচকাওয়াজের জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমাদের সদস্যদের দ্রুত পদক্ষেপে আরও বড় বিপর্যয় ঠেকানো গেছে।’
এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার পরপরই ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এ সদর দপ্তর ঘিরে ফেলা হয়। ডনের বরাতে জানা যায়, অন্তত ছয় বেসামরিক লোক আহত হয়েছে। তাদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের এক মুখপাত্র ডনকে জানান, আহত সবাই স্থিতিশীল অবস্থায় আছেন।
দ্য ডন আরও জানায়, লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর আগে এ ধরনের হামলার জন্য দায়ী ছিল। দেশটিতে সাম্প্রতিক সময়ে এমন হামলা বেড়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের মিত্র হলেও টিটিপি আলাদা একটি সংগঠন।
এই হামলার দুই সপ্তাহ আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতের বাইরে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। পুলিশ গাড়ির পাশে দাঁড়িয়ে সে বিস্ফোরণ ঘটালে ১২ জন নিহত হয়।
ক্রমবর্ধমান সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে টানাপোড়েনও বাড়িয়েছে। ইসলামাবাদ বলছে, ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে টিটিপি সদস্যরা আফগানিস্তানের ভেতরে আশ্রয় পাচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেশোয়ার হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ‘সময়োপযোগী’ প্রতিক্রিয়ার প্রশংসা করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এই ঘটনার অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যারা পাকিস্তানের অখণ্ডতায় আঘাত হানতে চায়, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে।’ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও হামলার তীব্র নিন্দা জানান। এক্সে তিনি ‘গভীর সমবেদনা’ জানান এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
৩১ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩৪ মিনিট আগে