Ajker Patrika

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৬৫০ জন হতাহত, দাবি আইআরজিসির

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২২: ০৬
ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৬৫০ জন হতাহত, দাবি আইআরজিসির
আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। ছবি: সংগৃহীত

ইরানের হামলায় দুই দিনে মার্কিন বাহিনীর ৬৫০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ মঙ্গলবার এ দাবি করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি।

আইআরজিসির ঘনিষ্ঠ ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র বলেছেন, ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ-৪’ অভিযানের প্রথম দুই দিনে মার্কিন সামরিক বাহিনীর ৬৫০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন। ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনে মার্কিন নৌঘাঁটি ও সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাসহ প্রতিরোধের মুখে ইরানের জলসীমা থেকে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে। ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে ১৬০ জন মার্কিন সেনাসদস্য হতাহত হন। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রণতরিটি দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল সে সময়। হামলার পর রণতরিটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত