
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। কিউবার জ্বালানি সংকট নিরসনে একটি সফল অভিযানের পর এবার দ্বিতীয় তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, কিউবার জন্য দ্বিতীয় কার্গোটি বর্তমানে লোড করা হচ্ছে এবং শিগগিরই তা দ্বীপরাষ্ট্রটির উদ্দেশে রওনা দেবে।
জ্বালানি মন্ত্রী সিভিলেভ বলেন, ‘কিউবা বর্তমানে সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে, তাদের সবদিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু রাশিয়ার একটি জাহাজ সেই অবরোধ ভেঙে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছে। আমরা এখন দ্বিতীয় জাহাজটি পাঠাতে প্রস্তুতি নিচ্ছি। বিপদের এই দিনে আমরা কিউবানদের একা ফেলে আসব না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার কিউবার মাতানজাস তেল টার্মিনালে নোঙর করেছে। গত তিন মাসের মধ্যে এটিই দেশটিতে পৌঁছানো প্রথম বড় ধরনের তেলের চালান।
চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছিল, যে দেশই কিউবার কাছে তেল বিক্রি বা সরবরাহ করবে, তাদের ওপরই চড়া শুল্ক আরোপ করা হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর এই অবরোধ আরও কঠোর করা হয়। এর ফলে গত কয়েক সপ্তাহ ধরে কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, জ্বালানি রেশন এবং খাদ্য সংকট চলছে।
তবে মানবিক কারণে রাশিয়ার প্রথম জাহাজটিকে প্রবেশের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের ছাড়ের বিষয়গুলো প্রতিটি ঘটনা আলাদাভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানায় মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। সাইকেল, মোটরসাইকেল এবং তিন চাকার ছোট যানবাহন নিয়ে বিক্ষোভকারীরা হাভানার বিখ্যাত সমুদ্রপাড়ের রাস্তা দিয়ে মিছিল করে। তারা স্লোগান দেয়—‘কিউবাকে হ্যাঁ বলুন! অবরোধকে না বলুন!’
বিক্ষোভে অংশ নেওয়া ৬২ বছর বয়সী ইভান বেল্ট্রান বলেন, ‘তারা আমাদের শ্বাসরোধ করে মারছে। এটা নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়।’
সেন্ট পিটার্সবার্গে এক সরকারি সফরে থাকা কিউবার উপ-প্রধানমন্ত্রী অস্কার পেরেজ-অলিভা জানিয়েছেন, জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আনতে মস্কো ও হাভানা যৌথ প্রচেষ্টা শুরু করেছে। এ ছাড়া কিউবার তেল অনুসন্ধান ও উৎপাদন খাতে রুশ কোম্পানিগুলোর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এদিকে রাশিয়ার তেল পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গত রোববার এক মন্তব্যে বলেন, ‘রাশিয়া কিউবাকে তেল পাঠালে আমার কোনো সমস্যা নেই। কিউবা আসলে শেষ হয়ে গেছে। সেখানকার শাসনব্যবস্থা খুব খারাপ এবং দুর্নীতিগ্রস্ত। তারা এক জাহাজ তেল পেল কি পেল না, তাতে বিশেষ কিছু যায় আসে না।’
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পদক্ষেপ কেবল কিউবার জ্বালানি সংকট মেটাবে না, বরং বৈশ্বিক ভূ-রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বিরুদ্ধে মস্কোর একটি শক্তিশালী বার্তা হিসেবেও কাজ করবে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১১ ঘণ্টা আগে