
জাপানে এক সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। এটি ‘আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে’ এবং বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি-টোকিওর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মোদি দুই দিনের সফরে জাপানে রয়েছেন। তিনি সেখানে চারটি কারখানা পরিদর্শন করবেন, যার মধ্যে ভারত যে ই-১০ শিনকানসেন বুলেট ট্রেন কেনার আশা করছে, তার একটি প্রোটোটাইপ তৈরির কারখানাও রয়েছে। এ ছাড়া প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও ব্যবসাসংক্রান্ত বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এরপর তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন। এই আঞ্চলিক জোটে রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ রয়েছে।
জাপানের একটি সংবাদমাধ্যমকে মোদি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে আমি এখান থেকে তিয়ানজিনে গিয়ে এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নেব। গত বছর কাজানে প্রেসিডেন্ট সির সঙ্গে আমার বৈঠকের পর থেকে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতিশীল ও ইতিবাচক অগ্রগতি হয়েছে।’
মোদি আরও বলেন, ‘পৃথিবীর দুটি বৃহত্তম দেশ ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বহুমেরুকেন্দ্রিক এশিয়া ও বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-গাজা যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে দুই এশীয় শক্তি তাদের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন শুল্কের কারণে দুই দেশের মধ্যে কয়েক দশকের সামরিক উত্তেজনা কিছুটা কমে এসেছে। ভারত সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, এ শুল্কের ফলে ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি প্রভাবিত হতে পারে। তাই সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে উভয় দেশই তাদের রপ্তানি বাজারকে বহুমুখী করার চেষ্টা করছে।
এ ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায় গত মার্চে। সে সময় চীনের পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের পর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানায় তারা। তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লি ও বেইজিংকে ‘আধিপত্যবাদ ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিরোধিতা করার নেতৃত্ব দিতে’ বলেন।
মোদির বক্তব্যে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোর মধ্যে ইভি (বৈদ্যুতিক গাড়ি) শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এ শিল্পে ব্যবহৃত বিরল খনিজ পদার্থ উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। ওয়াং ই তাঁর দিল্লি সফরে ইতিমধ্যে এ বিষয়ে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ দুই দেশের বিশাল বাজার একে অপরের অর্থনীতিকে চাঙা করতে পারে। এর আরও একটি বড় প্রমাণ হলো—বাণিজ্য বৃদ্ধি ও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি। ২০২০ সাল থেকে সামরিক উত্তেজনার পর লাদাখে সামরিক বাহিনীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকেও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে