
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরপরই একাধিক সংস্থা তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দিল্লি বিধানসভায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় স্থানে থাকতে পারে এবং কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে জরিপ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ও এর মিত্ররা পুনরায় ক্ষমতায় ফিরতে পারে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় অবস্থানে থাকবে।
চাণক্য স্ট্র্যাটেজিসের জরিপ বলছে, বিজেপি জোট ৭০ আসনের বিধানসভায় ৩৯ থেকে ৪৪টি আসন পেতে পারে। এএপি পেতে পারে ২৫-২৮টি ও কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। আরেক সংস্থা জেভিসির জরিপে বলা হয়েছে বিজেপি জোট ৩৯-৪৫টি, এএপি ২২-৩১টি এবং কংগ্রেসকে ০ থেকে ২টি আসন পেতে পারে।
ডিভি রিসার্চের বুথফেরত জরিপ অনুসারে, বিজেপি ৩৬-৪৪টি এবং এএপি ২৬-৩৪টি করে আসন পেতে পারে, কিন্তু কংগ্রেস কোনো আসন পাবে না। ম্যাট্রাইজের জরিপ অনুসারে বিজেপি ৩৫-৪০টি ও এএপি ৩২-৩৭টি আসন পেতে পারে এবং কংগ্রেস পেতে পারে বড়জোর ১টি আসন। পি-মার্কের জরিপে বিজেপি জোটের ৩৯-৪৯ টি, এএপির ২১-৩১ ও কংগ্রেসের ০-১টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে।
তবে, মাইন্ড ব্রিঙ্ক ও উইপ্রেসাইড নামক দুটি সংস্থা এএপির জয়ের পূর্বাভাস দিয়েছে। মাইন্ড ব্রিঙ্ক এএপিকে ৪৪-৪৯ টি, বিজেপিকে ২১-২৫টি ও কংগ্রেসকে সর্বোচ্চ ১টি আসন দিয়েছে। উইপ্রেসাইড এএপিকে ৪৬-৫২ টি, বিজেপি জোটকে ১৮-২৩ ও কংগ্রেসকে ০-১টি আসন দিয়েছে।
এএপি নেতা সৌরভ ভারদ্বাজ বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।’ দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও বলেন, ‘বুথফেরত জরিপ কখনোই এএপির সঠিক পূর্বাভাস দেয়নি, এবারও ব্যতিক্রম হবে না।’
তবে বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বুথফেরত জরিপকে স্বাগত জানিয়ে বলেন, ‘৮ ফেব্রুয়ারি আমাদের জয় আরও উজ্জ্বল হবে।’
এর আগে, গতকাল বুধবার ৭০টি আসনে ভোট হয়। দিল্লির ১ কোটি ৫৬ লাখ ভোটারের জন্য ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্র স্থাপন করা হয়। ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। এতে এএপি ও কংগ্রেস ৭০টি করে ও বিজেপি ৬৮টি আসনে প্রার্থী দিয়েছিল।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়া দিল্লি আসনে লড়েন। তাঁর বিপরীতে বিজেপি ও কংগ্রেস যথাক্রমে পরবেশ সাহিব সিং ও সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছিল। কালকাজিতে এএপির হয়ে অতিশী মারলেনা এবং তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রমেশ বিদুরি ও অলকা লাম্বা প্রতিদ্বন্দ্বিতা করেন। জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারভিন্দর সিং মারওয়া (বিজেপি) ও ফারহাদ সুরি (কংগ্রেস)।
এএপি বলছে, ‘প্রকৃত ফলে আমরা বিশাল জয় পাব।’ তবে বিজেপি বলছে, ‘দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছে।’ তবে কারা জিতবে না ৮ ফেব্রুয়ারি স্পষ্ট হয়ে যাবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে