
রাশিয়ার হামলায় এক দিনে ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একই সময়ে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার খারকিভের গভর্নর ওলেগ সিনেহুবভ জানান, উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ শহর এবং আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
উত্তর-পূর্বাঞ্চলের আরেক এলাকা সুমিতে রাতভর হামলার সময় একটি ভবনে রুশ ড্রোন আঘাত হানলে অন্তত ১১ জন আহত হয়, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের নিকোপোলের একটি বাজারে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয় বলে জানান দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্দর গাঞ্জা।
এ ছাড়া দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে টেলিগ্রামে জানান গভর্নর ভাদিম ফিলাশকিন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রুশ হামলায় দেশটির ‘উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে’ লক্ষ্য করে ছোড়া ২৮৬টি রুশ ড্রোনের মধ্যে ২৬০টি ‘ভূপাতিত বা নিষ্ক্রিয়’ করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। ইউক্রেনের পূর্ব সীমান্তঘেঁষা এই অঞ্চলের বন্দরনগরী তাগানরগে রাতভর হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানান গভর্নর ইউরি স্লিউসার।
স্লিউসার বলেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজন রুশ নাগরিক এবং একজন বিদেশি এবং তাদের অবস্থা ‘গুরুতর।’ তিনি আরও জানান, একটি ক্ষেপণাস্ত্র ‘একটি বাণিজ্যিক স্থাপনায়’ আঘাত হেনে আগুন লাগায়। লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আলাদাভাবে ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ আজভ সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে আঘাত হেনে আগুনের সৃষ্টি করে। একই সময়ে তাগানরোগ উপসাগর ও আশপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন ভূপাতিত করেছে বলে জানান স্লিউসার। তবে হামলার উৎস সম্পর্কে তিনি কিছু বলেননি। আজভ সাগর শিল্পপণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ।
স্থবির কূটনীতি
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে কার্যত স্থবির হয়ে পড়েছে। এ বছর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন—এই তিন পক্ষ আবু ধাবি ও জেনেভায় উচ্চপর্যায়ের তিন দফা ত্রিপক্ষীয় বৈঠক করেছে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে। তবে পূর্ব ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের গুরুত্বপূর্ণ প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি।
গত মাসে নির্ধারিত চতুর্থ দফার বৈঠকটি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে স্থগিত করা হয়। গতকাল শনিবার ইস্তাম্বুলে এরদোয়ানের সঙ্গে বৈঠকে জেলেনস্কি যুদ্ধ অবসানের প্রচেষ্টা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্সি জানিয়েছে, এরদোয়ান জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনাকে তুরস্ক অব্যাহতভাবে সমর্থন করবে। এ ছাড়া কৃষ্ণসাগরে সামুদ্রিক নিরাপত্তাকে তুরস্ক অত্যন্ত গুরুত্ব দেয় এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

ইন্দোনেশিয়ার এক জেলের জালে ধরা পড়েছে একটি চীনা আন্ডারওয়াটার বা ডুবন্ত ড্রোন। সোমবার (৬ এপ্রিল) অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ লম্বক প্রণালির কাছে ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
৩৪ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলে ব্যাপক বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠে অনেক ইসরায়েলি নাগরিক জানতে পারেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও তেহরান একটি সমঝোতায় পৌঁছেছে—যা ঘোষণার কয়েক ঘণ্টা আগেও ছিল কল্পনাতীত।
৩৭ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা গত সোমবার এক কৌতূহলী ঘটনার কথা জানতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের সময় যখন ঘনিয়ে আসছিল, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর প্রতিনিধিদের নির্দেশ দেন চুক্তির দিকে এগিয়ে যেতে। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানে হামলা চালানো বন্ধ করেছে ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)। এমনটাই জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে