ফিলিস্তিনকে আজ বুধবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে। ইসরায়েলের প্রবল বিরোধিতার মুখেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ডাবলিন। এদিকে স্পেনও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিন-ক্ষণ ঘোষণা করবে।
আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই এবং সংবাদমাধ্যম আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস, উপপ্রধানমন্ত্রী মিশেল মার্টিন এবং মন্ত্রী এমন রায়ান আজ বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন। এর আগে, আইরিশ সরকার জানিয়েছিল, তারা মে মাসের শেষ নাগাদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্পেনও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
এর আগে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছিলেন, স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ আগামী ২১ মে’র মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। মে মাসের প্রথম দিকে বোরেল জানিয়েছিলেন, এ দুই দেশ ছাড়াও স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে।
গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাঁদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তাঁরা সে সময় বলেন, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।
সর্বশেষ গত ২৩ এপ্রিল মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জ্যামাইকা সরকার জানায়, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে জ্যামাইকাসহ মোট ১৪০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে