আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নারীদের দুর্দশার একটি হৃদয়বিদারক গল্পে বিবি নাজদানা হলেন এমন একজন, ছোটবেলায় নিজের ইচ্ছার বিরুদ্ধে যাঁকে বিয়ে দেওয়া হয়েছিল। সেই বিবাহ থেকে বিচ্ছেদের জন্য এখন তিনি লড়াই করছেন। কয়েক বছর আগে আদালত থেকে এই অধিকার আদায় করে নিতে সক্ষম হলেও বর্তমানে তালেবানের শরিয়া আইনের কঠোর ব্যাখ্যায় তাঁর সেই আইনি বিজয় অর্থহীন হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, গত বছরের পুরোটাই পালিয়ে বেড়াতে হয়েছে ২০ বছর বয়সী এই নারীকে। বর্তমানে কিছু নথিপত্র আঁকড়ে ধরে রাজধানী কাবুলে দুটি ব্যস্ত রাস্তার মাঝখানে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন তিনি।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের উরুজগান প্রদেশের নারী নাজদানার কাছে থাকা নথিগুলো তাঁর কঠোর সংগ্রামের প্রতীক। মাত্র সাত বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর সেই সংসার থেকে মুক্তি পেতে দুই বছরের আইনি লড়াইয়ের পর তিনি যে অধিকার পেয়েছিলেন, সেসবেরই প্রমাণ এসব কাগজ।
সাত বছর বয়সে নাজদানাকে যখন হেকমতুল্লাহ নামের এক ব্যক্তির কাছে বিয়ের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন থেকেই তাঁর সংগ্রামের জীবন শুরু হয়। ১৫ বছর বয়সে হেকমতউল্লাহর সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান তিনি। দেশে তখন মার্কিনসমর্থিত পূর্ববর্তী আফগান সরকার। ওই বিয়ের বিরুদ্ধে সেই সরকারের আদালতে আপিল করেছিলেন নাজদানা। আইনি লড়াই শেষে বিচ্ছেদের অধিকারও পেয়েছিলেন। কিন্তু ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তান দখল করে নেয়। তালেবানরা ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই নাজদানার আদায় করে নেওয়া বিবাহবিচ্ছেদ রায়ের বিরুদ্ধে আবেদন করেন হেকমতুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তালেবান আদালত নাজদানার বিবাহবিচ্ছেদ বাতিল করে দেয়। যুক্তি দেখানো হয়, সেই বিচ্ছেদ অবৈধ ছিল; কারণ, বিচারের সময় হেকমতউল্লাহ উপস্থিত ছিলেন না।
এ অবস্থায় নাজদানা যখন তাঁর মামলা রক্ষার চেষ্টা করেছিলেন, তখন তাঁকে এটাও বলা হয়, আদালতে একজন পুরুষ অভিভাবককে তাঁর হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। কারণ, সেই আদালত বিচারব্যবস্থায় অংশগ্রহণের জন্য নারীকে অযোগ্য বলে মনে করে। বাধ্য হয়ে তাই পুরুষ অভিভাবক হিসেবে আদালতে নিজের ভাই শামসকে নিয়ে গিয়েছিলেন নাজদানা। শামস বোনের পক্ষে যথাসম্ভব যুক্তিতর্ক উপস্থাপনের চেষ্টাও করেছিলেন। কিন্তু তাঁর কোনো কথাই শোনেননি সেই আদালত। ফলে নিজেদের প্রদেশ উরুজগান থেকে দুই ভাই-বোনের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় ফিরে আসার পর তালেবান সরকার শরিয়ার কঠোর ব্যাখ্যার মাধ্যমে আগের সরকারের হাজার হাজার আদালতের রায়কে বাতিল করে দিয়েছে। নাজদানার বিবাহবিচ্ছেদের মতো পূর্ববর্তী এসব রায় প্রকৃত ইসলামিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে দাবি করেছে তারা। তবে তালেবান সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আফগান সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ফওজিয়া আমিনিসহ সমালোচকেরা বলছেন, আফগানিস্তানের দেওয়ানি বিধির মধ্যে বিবাহবিচ্ছেদ আইন রয়েছে। শুধু তা-ই নয়, এই আইনের শিকড় কোরআনের মধ্যেই রয়েছে।
পালিয়ে থাকা অবস্থায় প্রতিবেশী একটি দেশে চলে যেতে চেয়েও ব্যর্থ হয়েছিলেন নাজদানা। এ বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘সাহায্য চেয়ে আমি অনেক দরজায় গেছি। কিন্তু কেউ তা করেনি। একজন নারী হিসেবে আমি কি স্বাধীনতার যোগ্য নই?’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে